৪ নভেম্বর সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আগামী ৪ নভেম্বর বুধবার সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর জন্মস্থান খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার সকালে উপজেলার নতুন বাজার চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ শতকের সূচনালগ্নে বাংলা সাহিত্যে আধুনিক ও প্রগতিশীল চিন্তার পরিচয় নিয়ে আবির্ভূত হন কাজী ইমদাদুল হক। তিনি ছিলেন উদার মানবতাবাদী, যুক্তিবাদী ও মননশীল ঔপন্যাসিক। তাঁর সাহিত্যকর্মে তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার, প্রচলিত রীতিনীতি ও ক্ষয়িষ্ণু মূল্যবোধের চিত্র উঠে এসেছে। একই সঙ্গে তিনি স্বাধীনচেতা ও প্রগতিশীল শিক্ষিত সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তুলে ধরেছেন।
মাত্র একটি উপন্যাস লিখেই বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন কাজী ইমদাদুল হক। তাঁর রচিত ‘আবদুল্লাহ’ উপন্যাস বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কাজী আতাউল হক আসামের জরিপ বিভাগে চাকরি করতেন। পরে তিনি খুলনার ফৌজদারি আদালতে মোক্তার হিসেবে কাজ করেন।
১৯০০ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করেন কাজী ইমদাদুল হক। ১৯১৪ সালে তিনি বিটি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০৪ সালে কলকাতা মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে আসামের শিলং বিভাগে শিক্ষাবিভাগের উচ্চমান সহকারী, ঢাকা মাদ্রাসার শিক্ষক এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ভূগোলের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯১৪ সালে ঢাকা বিভাগে মুসলিম শিক্ষা সহকারী স্কুল পরিদর্শক হিসেবে যোগ দেন। ১৯১৭ সালে কলকাতা ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক এবং ১৯২১ সালে নবপ্রতিষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের সুপারিনটেনডেন্ট নিযুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
শিক্ষা বিভাগে দক্ষতা, দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তির স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।
খ্যাতিমান এই সাহিত্যিক ১৯২৬ সালের ২০ মার্চ মাত্র ৪৪ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।












