মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

৭৭ হাজার মামলার ভারে ভরাক্রান্ত সাতক্ষীরার বিচার বিভাগ, আশার আলো দেখাচ্ছে লিগ্যাল এইড অফিস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
৭৭ হাজার মামলার ভারে ভরাক্রান্ত সাতক্ষীরার বিচার বিভাগ, আশার আলো দেখাচ্ছে লিগ্যাল এইড অফিস

বদিউজ্জামান: মামলার ভারে ভরাক্রান্ত হয়ে পড়ছে সাতক্ষীরার বিচার বিভাগ। চলতি বছরের ফেব্রুয়ারি ২০২৬ মাস শেষে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজারে। তবে এই চাপের মধ্যেও আশার আলো দেখাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস, যা অসহায় ও দরিদ্র মানুষের দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় দেওয়ানি, ফৌজদারি, ম্যাজিস্ট্রেসি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার মোট সংখ্যা ৭৭ হাজার ৪৬ টি। এর মধ্যে জজশীপে দেওয়ানি মোকদ্দমা ২৪ হাজার ৮৯৩টি, ল্যান্ড সার্ভে মামলা ৭ হাজার ২৩৬টি এবং ফৌজদারি মামলা ১৩ হাজার ২৮৭টি উল্লেখযোগ্য। এছাড়া ম্যাজিস্ট্রেসিতে বিচারিক ও আমলী ফাইল মিলিয়ে রয়েছে ১৩ হাজার ৮১০ টি মামলা।

এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু মামলা ২ হাজার ৫২২টি, শিশু মামলা ৬২৬টি, মানব পাচার সংক্রান্ত ১৫১টি এবং পিটিশন মামলা ১০৪৩ টি বিচারাধীন রয়েছে। এছাড়া শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালেও রয়েছে ১৫০ টি মামলা।

এত বিপুল মামলার চাপে বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ার আশঙ্কা থাকলেও জেলা লিগ্যাল এইড অফিস কার্যকর উদ্যোগের মাধ্যমে অনেকটাই স্বস্তি এনে দিচ্ছে। জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ২ হাজার ১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫২০টি মামলা দায়ের এবং ১৩৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

একই সময়ে ১ হাজার ৬০০টি এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন গৃহীত হয়, যার মধ্যে ১ হাজার ৪৬১টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। এডিআরের মাধ্যমে প্রায় ৯৭ লাখ ৭৮ হাজার টাকা আদায় করে বাদী পক্ষকে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এছাড়া লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১ হাজার ১০৬ জন নারী ও ৩৭৬ জন পুরুষকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ জনে।

অন্যদিকে, আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন কমিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন লিগ্যাল এইড অফিসে পাঠানো হয়েছে, যা এই সেবার ব্যাপকতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মামলার জট কমাতে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হলে বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবে এবং বিচার বিভাগের ওপর চাপও কমবে।

জেলা আইনজীবী সমিতির কয়েকজন আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বিগত অর্ন্তবর্তীকালীন সরকারের শেষ সময়ে সাতক্ষীরা জজ আদালতে নতুন করে ১৬ টি আদালত সৃষ্টি করে বেশ কিছু বিচারক নিয়োগ দেওয়া হলেও অবকাঠামোগত সমস্যার কারণে তা পূর্ণতা পায়নি। তারা আরও বলেন, মামলার সংখ্যা বাড়লেও লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি আরও বাড়ানো গেলে বিচারপ্রক্রিয়া অনেকটাই সহজ ও গতিশীল হবে।

সাতক্ষীরার বিচার বিভাগ যখন মামলার ভারে জর্জরিত, তখন লিগ্যাল এইড অফিসই হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচারের একটি কার্যকর ও আশাব্যঞ্জক প্ল্যাটফর্ম।

 

 

 

 

Ads small one

পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর পামেলা মেতশার, হেড অব সাউথ এশিয়া ফ্রাঙ্ক এ কে এবং এমডিএফ বাংলাদেশের কনসালট্যান্ট মাহবুবা কুমকুম।

সভায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের কার্যক্রমের সাফল্য, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন ফোরামের নেতৃবৃন্দ। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।সভায় অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরেফিন, প্রকল্প ব্যবস্থাপক কাজী রবিউল আলম, ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল আজিজসহ ফোরামের নেতৃবৃন্দ ও অ্যাওসেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা অ্যাওসেডের মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

বাঁশদহায় জামায়াতের নির্বাচনি বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
বাঁশদহায় জামায়াতের নির্বাচনি বৈঠক

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদে জামায়াতের নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির এ টি এম নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল অদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. শাহনূর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল অদুদ ইসলামের বিজয় ও আদর্শ প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথিরা দান, জাকাত ও নামাজের গুরুত্ব তুলে ধরেন। সভায় গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যু, শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যু, শোক

তালা প্রতিনিধি: তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মা কল্যাণী বিশ্বাস (৭৫) মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তালার বারুইহাটি গ্রামে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমান, সহসভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথুসহ ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় প্রেস ক্লাবের নেতারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।