৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এসব কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। ৭ নভেম্বরের ইতিহাস এবং শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন।
সাতক্ষীরা সদরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই বক্তব্য দেবে, গাছ লাগাবে এবং বিদ্যালয় পরিষ্কার করবে। এর মাধ্যমে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে ব্যানার ও পোস্টার টানানো হয়েছে। কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।












