আন্তর্জাতিক আনারস দিবস: প্রকৃতির মিষ্টি উপহার
সাকিবুর রহমান বাবলা
প্রতি বছর ২৭ জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক আনারস দিবস। সুস্বাদু, রসালো ও পুষ্টিগুণে ভরপুর এই ফলকে ঘিরে সচেতনতা সৃষ্টি এবং এর অর্থনৈতিক ও স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের অন্যতম জনপ্রিয় ফল আনারস শুধু স্বাদের জন্যই নয়, বরং বহুমুখী উপকারিতার কারণেও মানুষের কাছে সমাদৃত।
আনারসের আদিনিবাস দক্ষিণ আমেরিকা। এটি একটি অপ্রকৃত ফল, যা সংযুক্ত বা যৌগিক ফলের শ্রেণিভুক্ত। প্রতিটি ‘চোখ’ আসলে একটি ফুলের পরিচয় বহন করে। এর মঞ্জরী দন্ডটি মোটা, রসালো ও সুগন্ধিযুক্ত। অধিকাংশ আনারসই বীজবিহীন।
আনারস মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও কল্যাণের নিদর্শন হিসেবে এই ফল মানুষের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এর মনোমুগ্ধকর সুগন্ধ, মিষ্টি-টক স্বাদ এবং সতেজতা যে কোনো বয়সের মানুষের কাছে সমানভাবে আকর্ষণীয়।
আনারসের জনপ্রিয়তার অন্যতম কারণ এর অসাধারণ পুষ্টিগুণ। প্রতি ১০০ গ্রাম আনারসে প্রায় ৫০ কিলোক্যালরি শক্তি থাকে। এতে ফ্যাট খুব কম এবং ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে এতে থাকা ব্রোমেলেন এনজাইম হজমশক্তি বাড়ায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এটি টেস্টোস্টেরণ উৎপাদন ও শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও ভূমিকা রাখে।
আনারস শুধু ফল হিসেবেই নয়, নানা রূপে ব্যবহৃত হয়-জুস, সালাদ, জ্যাম, ডেজার্ট এবং বিশেষ করে চাটনি হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়। গরমের দিনে এটি শরীরকে সতেজ রাখে এবং পানিশূন্যতা দূর করতে সহায়তা করে।
বিশ্বে আনারস উৎপাদনে শীর্ষ তিন দেশ; ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং কোস্টারিকা। এর মধ্যে কোস্টারিকা আন্তর্জাতিক বাজারে তাজা ও প্রক্রিয়াজাত আনারস রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে। আনারস ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডার জাতীয় ফল হিসেবে সরকারি স্বীকৃতিও পেয়েছে।
পুষ্টিগুণের পাশাপাশি আনারস বিভিন্ন সংস্কৃতিতে প্রতীকী অর্থ বহন করে। এটি আতিথেয়তা, আন্তরিকতা, বন্ধুত্ব, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ফলে এটি শুধু খাদ্য নয়, সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ।
আনারস; প্রকৃতির এই অনন্য উপহার শুধু স্বাদের উৎস নয়, বরং সুস্বাস্থ্য, পুষ্টি ও অর্থনৈতিক সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আনারস চাষের প্রসার, নিরাপদ উৎপাদন এবং এর পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। আনারস সত্যিই প্রকৃতির এক অপূর্ব মিষ্টি উপহার, যা মানুষের জীবনকে করে তোলে আরও স্বাস্থ্যকর, সমৃদ্ধ ও আনন্দময়।












