আশাশুনিতে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় উপজেলার ২০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। বিজ্ঞান প্রজেক্টে কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ প্রথম ও আশাশুনি মহিলা কলেজ দ্বিতীয় স্থান অধিকার করে। স্কুল পর্যায়ে শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে।
এ ছাড়া বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। অলিম্পিয়াডে স্কুল ও কলেজ পর্যায়ের সেরা ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. আ. সালাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা উপস্থিত ছিলেন।








