আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতাপনগর গ্রামের আবু দাউদ ফকিরের ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাছির মামুন ওরফে ছোট্ট (৪৫), দাতপুর গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে মো. জালাল বিশ্বাস (৫৫), খালিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আবুল হোসেন (৫৫) এবং শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে অমেদ আলী সরদার (৪৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, মোনতাছির মামুন আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার (নম্বর ২৩, তারিখ ২৩ জুন ২০২৬) আসামি। জালাল বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি। আবুল হোসেন আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত এবং অমেদ আলীকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।









