শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা

ইরান যুদ্ধের জেরে জাপানের ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানিতে ভাটা পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অপরিশোধিত তেল আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক বিশ্লেষণে উঠে এসেছে এমনই তথ্য। এই বিশ্লেষণ করতে ইউরোপভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার’র ট্যাংকার ট্র্যাকিং তথ্য ব্যবহার করেছে গণমাধ্যমটি।

প্রতিবেদনে নিক্কেই এশিয়া জানিয়েছে, ২০২৬ সালের মার্চ থেকে মে পর্যন্ত সময়ে জাপানের তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ কমেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের চালান মার্চ-মে সময়ে ৪৮ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। অথচ, বিশ্বব্যাপী মোট তেল রফতানি কমবে মাত্র ১০ শতাংশ।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবের রফতানি ২৯ শতাংশ এবং আরব আমিরাতের ৩৩ শতাংশ কমতে পারে। কুয়েত ও ইরাকের রফতানি ৯০ শতাংশেরও বেশি কমার আশঙ্কা রয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে কার্যত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া ইরানের রফতানি মার্চ-এপ্রিল সময়ে মোটামুটি স্থিতিশীল ছিল। তবে, মে মাসে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটির রফতানি ৮৭ শতাংশ কমে যেতে পারে।

হরমুজে কড়াকড়ির কারণে বিকল্প পথ হিসেবে লোহিত সাগর হয়ে তেল রফতানি করছে সৌদি। কিন্তু, দেশটির যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় সামগ্রিক রফতানি সক্ষমতা কমে গেছে। লোহিত সাগর থেকে এশিয়ায় যেতে ইয়েমেনের বাব এল-মানদাব প্রণালি পাড়ি দিতে হয়। সেখানে ইরান সমর্থিত হুথির উপস্থিতি ওই জলপথেও জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করছে।

নিক্কেই এশিয়া বলছে, তেল আমদানির পতন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জাপানে। ২০২৫ সালের মার্চ-মে সময়ে দেশটি বিশ্বে সপ্তম বৃহত্তম তেল আমদানিকারক ছিল। কিন্তু, ২০২৬ সালের একই সময়ে জাপানের আমদানি কমার হার ছিল চতুর্থ সর্বোচ্চ। এই ঘাটতি পূরণে টোকিও এখন যুক্তরাষ্ট্রের তেলের ওপর নির্ভরতা বাড়াচ্ছে।

যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে জাপানের ৯০ শতাংশ তেল আসতো সৌদি ও ইউএই থেকে। মে মাসে তা নেমে এসেছে ৬০ শতাংশে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তেলের অংশ দুই শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশের বেশি হয়েছে। তেল আমদানির এই পতন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর জাপানের ঝুঁকিপূর্ণ নির্ভরশীলতাকে সামনে এনেছে। মার্চের শেষ দিকে টোকিও কৌশলগত মজুত থেকে তেল ছাড়তে শুরু করে। দেশটির হাতে এখনও ২০০ দিনের বেশি ব্যবহারের মতো তেল মজুত রয়েছে।

হরমুজ প্রণালিতে পূর্ণমাত্রায় নৌ-চলাচলের স্বাধীনতা ফিরে আসবে কি না, তা এখনও অনিশ্চিত। অনেকের ধারণা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘস্থায়ী হতে পারে। ফলে জাপানের জন্য বিকল্প জ্বালানি উৎস বাড়ানো জরুরি হয়ে উঠেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনামের তেল আমদানি সবচেয়ে বেশি কমেছে, ৫১ শতাংশ। মালয়েশিয়ার আমদানি কমেছে ৪৩ শতাংশ। যুক্তরাষ্ট্র ও আফ্রিকা থেকে বিকল্প সরবরাহ নিশ্চিতের চেষ্টা চললেও তা পুরো ঘাটতি পূরণ করতে পারেনি।

বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক চীন গত বছর তাদের মোট কেনার ৩০ শতাংশ তেল কিনেছিল মধ্যপ্রাচ্য থেকে। তবে, মার্চ-মে সময়ে তাদের আমদানি ১৮ শতাংশ কমেছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালে দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক ভারতের আমদানি মার্চ-মে সময়ে তিন শতাংশ কমেছে। দেশটি দ্রুত রাশিয়া ও ভেনিজুয়েলা থেকে সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে।

এশিয়ার তুলনায় ইউরোপ তুলনামূলকভাবে ভালোভাবে তেল সরবরাহ ধরে রাখতে পেরেছে। অঞ্চলটি নর্থ সি, যুক্তরাষ্ট্র, উত্তর আফ্রিকা ও কাসপিয়ান সাগর থেকে বহুমুখী সরবরাহ পেয়ে থাকে। মার্চ-মে সময়ে গ্রিসের তেল আমদানি ৩৪ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাজ্যের ৯ শতাংশ এবং স্পেনের সাত শতাংশ তেল আমদানি বেড়েছে।

Ads small one

ফাইনালের আগে লামিনে ইয়ামালকে নিয়ে শঙ্কা, যা জানালো স্পেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
ফাইনালের আগে লামিনে ইয়ামালকে নিয়ে শঙ্কা, যা জানালো স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে সাময়িক দুশ্চিন্তা। দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল মূল দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে অনুশীলন করায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আলাদা অনুশীলন করানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুশীলনে ইয়ামালের সঙ্গে ডিফেন্ডার পেদ্রো পোরোকেও মূল দল থেকে আলাদা রাখা হয়। দুজনই পুনর্বাসন ও হালকা ফিটনেস অনুশীলন করেন। এটি ছিল ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর স্পেনের প্রথম অনুশীলন।

অনুশীলনের ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের চোট নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। তবে দ্রুতই বিষয়টি পরিষ্কার করে আরএফইএফ জানায়, দুজনকেই কেবল অতিরিক্ত চাপ এড়ানোর জন্য আলাদা অনুশীলন করানো হয়েছে। তাদের ফিটনেস নিয়ে কোনও উদ্বেগ নেই।

ফেডারেশনের আশা, রবিবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে লামিনে ইয়ামালকে নিয়েই মাঠে নামবে স্পেন।

১৮ বছর বয়সী ইয়ামাল চলতি বিশ্বকাপে স্পেনের অন্যতম সেরা পারফর্মার। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তাকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্প্যানিশ শিবির।

 

ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা, বেঞ্চে বসেই সময় কাটালেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা, বেঞ্চে বসেই সময় কাটালেন মেসি

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পর বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আটলান্টায় প্রথম অনুশীলন সেশন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই সেশনে মাঠে বল নিয়ে অনুশীলনের বদলে বেঞ্চে বসেই সময় কাটাতে দেখা গেছে অধিনায়ক লিওনেল মেসিকে।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর ২৪ ঘণ্টাও পার হয়নি। তাই বৃহস্পতিবারের অনুশীলন ছিল মূলত পুনরুদ্ধার (রিকভারি) সেশন। যেসব খেলোয়াড় ৬০ মিনিটের বেশি খেলেছেন, তারা শুধু হালকা শারীরিক অনুশীলন করেন। অন্যদিকে কম সময় খেলা কিংবা না-খেলা ফুটবলাররা বল নিয়ে হালকা অনুশীলন করেন।

অনুশীলনের সময় মেসির সঙ্গে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজকে খালি পায়ে একটি বেঞ্চে বসে গল্প করতে ও হাসতে দেখা যায়। পরে জুলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজসহ সেমিফাইনালের শুরুর একাদশের আরও কয়েকজন খেলোয়াড়ও তাদের সঙ্গে যোগ দেন।

পুরো অনুশীলনেই ছিল স্বস্তির আবহ। যেসব ফুটবলার আগের ম্যাচে কম খেলেছেন বা খেলেননি, তারা তুলনামূলক হালকা কসরত করেছেন।

আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হবে শুক্রবার। নিউ জার্সিতে ফাইনালের ভেন্যুতে রওনা হওয়ার আগে আটলান্টায় এটিই হবে তাদের শেষ সেশন।

এবার ফিফা ফাইনালের আগে দুই দলের সূচিতে কিছু পরিবর্তন এনেছে। শুক্রবারের অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিটি দল থেকে তিনজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন সাংবাদিকরা। এদিন সংবাদ সম্মেলনে আসবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও।

তবে ফাইনালের আগের দিন শনিবার আর্জেন্টিনা ও স্পেন—দুই দলের অনুশীলনই হবে সম্পূর্ণ ক্লোজড ডোর। শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনকে নিয়ে যা বললেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
স্পেনকে নিয়ে যা বললেন মেসি

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ স্পেন। দীর্ঘদিন বার্সেলোনায় খেলার সুবাদে স্প্যানিশ ফুটবল ও খেলোয়াড়দের সম্পর্কে ভালোভাবেই জানেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তাই ফাইনালের আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই কথা বলেছেন তিনি।

রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ওরা দুর্দান্ত একটি দল। চমৎকার সব খেলোয়াড় আর দারুণ ফুটবলশৈলী রয়েছে তাদের। দলটিকে আমি খুব ভালো করেই চিনি। বহু বছর ধরে তারা নিজেদের একটি নির্দিষ্ট ফুটবল দর্শন ধরে রেখেছে। তাদের অনেক খেলোয়াড়কে আমি চিনি, তাদের বিপক্ষে খেলেছি এবং এখনও তাদের খেলা অনুসরণ করি। কয়েকজন তো বার্সেলোনায় খেলে, যে ক্লাবকে আমি মন থেকে ভালোবাসি। এটি একটি বিশেষ ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল। আমার বিশ্বাস, ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হবে।’

সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘আমরা যেভাবে এই মুহূর্তটি উপভোগ করছি, আপনারাও সেভাবেই উপভোগ করুন। আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি এবং আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করেছি। গত চার বছর ধরে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে যে আনন্দ পেয়েছি, এবারও সেই মঞ্চে ফিরেছি। এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা।’

ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, ‘এই দলের পারফরম্যান্স আমাকে অবাক করে না। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। দলের কয়েকজন খেলোয়াড় শারীরিকভাবে সীমার শেষ প্রান্তে থেকেও, এমনকি ইনজুরি নিয়েও খেলেছে। তাই হয়তো অনেকে সন্দেহ করেছিল আমরা এতদূর আসতে পারব কি না। কিন্তু এই দল ঐক্যবদ্ধ থাকলে বাড়তি শক্তি পায়। একে অপরকে অনুপ্রাণিত করে এমন শক্তি বের করে আনে, যা হয়তো তারা নিজেরাও আগে জানত না।’