ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো ও মনিটরিং
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও ঘরমুখী মানুষের সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরায় পরিবহণ কাউন্টার মনিটরিং ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সংগীতার মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়।
বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমানের নির্দেশনায় ঢাকাগামী বিভিন্ন পরিবহণ কাউন্টারে এই তদারকি করা হয়। এ সময় দূরপাল্লার চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচি সঞ্চালনা ও সচেতনতামূলক বক্তব্য দেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলম। কাউন্টার তদারকির সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুল রহমান, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ ট্রাফিক পুলিশ ও পরিবহণ শ্রমিক নেতারা। ঈদযাত্রাকে নিরাপদ করতে বিআরটিএ’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ যাত্রীরা।









