এই কলুষিত পৃথিবী তোমার পবিত্রতার যোগ্য ছিল না
অরুণ সান্যাল
তুমি তো শুধু চেয়েছিলে পুতুল খেলতে “রামিসা”
এক চিলতে রোদ আর একটুখানি হাসির গান।
অথচ এক মুহূর্তের কালবৈশাখী এসে গুঁড়িয়ে দিল
তোমার ছোট্ট, নরম, তুলতুলে স্বপ্নের উঠোন।
মানুষের রূপ ধরে আসা কিছু হিংস্র হায়েনা
কেড়ে নিল তোমার নিস্পাপ শৈশবের পবিত্র আলো!
যে ঠোঁটে কেবলই মায়ের ডাক ফোঁটার কথা ছিল,
সেখানে আজ জমে আছে এক আকাশ স্তব্ধতা।
তোমার ওই ডাগর চোখের শেষ আকুতি কি
কাঁপিয়ে দেয়নি এই পৃথিবীর পাষাণ হৃদয়?
নাকি আমাদের চারপাশের এই বধির সমাজ
চোখ বুজে ঘুমিয়ে ছিল গভীর কোনো অন্ধকূপে?
মাটি আজ ভারী হয়ে আছে তোমার নিথর দেহের ভারে,
বাতাস বইছে এক বুক চাপা কান্না নিয়ে।
যে হাত দুটো জড়িয়ে ধরার কথা ছিল ভালোবাসায়,
সেই হাত আজ চিরতরে হিম হয়ে গেছে!
তুমি চলে গেছ, রামিসা, রেখে গেছ আমাদের জন্য
এক সমুদ্র লজ্জা আর সীমাহীন গ্লানি।
আমরা মানুষেরা আজও বিচারের দাবি তুলি,
মোমবাতি জ্বালাই,আর মিছিলে মিছিলে আকাশ ভারী করি।
কোনো মোমবাতির আলো কি ফিরিয়ে দিতে পারবে
তোমার ওই অমলিন, স্বর্গীয় হাসি?
কোনো বিচার কি মুছতে পারবে,
তোমার শেষ মুহূর্তের সেই অবর্ণনীয়, নীল যন্ত্রণা?
তুমি এখন অনেক দূরে, মেঘের দেশে,
যেখানে কোনো ক্রূর হাত আর তোমাকে ছুঁতে পারবে না।
অপরাধীদের ক্ষমা নেই, এই ধূলিকণাও আজ প্রতিশোধের
আগুনে জ্বলছে তোমার অপমানের!
ওপারে ভালো থেকো, শান্তিতে থেকো, “রামিসা”
এই কলুষিত পৃথিবী তোমার পবিত্রতার যোগ্য ছিল না!












