এবার ৯ বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
পত্রদূত ডেস্ক: যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও একক প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার খুলনায় বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “নকলের কবর আগেই রচনা করেছি। ফেসবুকে প্রশ্ন ফাঁসের কোনো পোস্ট দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করবে।” শিক্ষকদের সতর্ক করে তিনি বলেন, ডিজিটাল নকল বা আগে থেকে হলের ভেতর বইপত্র লুকিয়ে রাখার প্রমাণ মিললে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার খাতা মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করতে ‘র্যান্ডম স্যাম্পলিং’ পদ্ধতিতে বোর্ড থেকে খাতা নিয়ে পুনঃপরীক্ষা করা হবে।
শিক্ষকদের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত ২০ বছর ধরে যেসব শিক্ষক প্রভাব খাটিয়ে গ্রামের স্কুল ছেড়ে শহরে বাস করছেন, তাঁদের আবার গ্রামে ফিরে যেতে হবে। এ ছাড়া দেশের প্রতিটি স্কুলে ‘মিড-ডে-মিল’ চালু এবং শিক্ষার কোনো পর্যায়েই সেশনজট না রাখার প্রতিশ্রুতি দেন তিনি।










