কয়রায় ইউপি সদস্য মামুনের ঘোষখালী নদীর মুখ পরিষ্কার করলেন স্থানীয়রা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ঘোষখালী নদীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে এবং দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা দূর করতে এগিয়ে এসেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী চলা এই স্বেচ্ছাশ্রম কার্যক্রমে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি নেতৃত্ব দেন স্থানীয় ইউপি সদস্য মো. মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘোষখালী নদীর বিভিন্ন অংশে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এর ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই স্থানীয় জনপদ ও কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। মানুষের এই দুর্ভোগ লাঘবে এলাকার সচেতন ও কর্মঠ মানুষেরা কোমর বেঁধে নদীতে নেমে পড়েন এবং নদীর মুখে জমে থাকা কচুরিপানা ও মাটি অপসারণ করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন বলেন, “আমাদের এই এলাকার মানুষের প্রধান দুর্ভোগ হলো জলাবদ্ধতা। ঘোষখালী নদীর পানি নিষ্কাশন বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। সরকারি কোনো বরাদ্দের অপেক্ষা না করে, এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা আজ দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে নদীর মুখ পরিষ্কার ও পানি প্রবাহ সচল করার কাজ করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ সাময়িকভাবে পানি নিষ্কাশন শুরু হয়েছে। স্থায়ী সমাধানের জন্য আমরা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”












