কয়রায় এক রাতে ৫ সরকারি দপ্তরে ভাঙচুর, যুবক আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় এক রাতে পাঁচটি সরকারি দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পল্লী উন্নয়ন অফিস, আনসার ও ভিডিপি কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং পল্লী সঞ্চয় ব্যাংকের জানালার কাচ ও তালা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চুরির উদ্দেশ্যে সরকারি দপ্তরে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা এই ভাঙচুর চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় অফিসের পাহারাদার অসুস্থ থাকায় দায়িত্বে ছিলেন না। এদিকে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে এক কিলোমিটার দূরে কয়রা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে ইট দিয়ে জানালার কাচ ভাঙচুর করার সময় রবিউল সরদার (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। বাধা দিতে গিয়ে অফিসের এক নিরাপত্তাকর্মী আহত হন।
রবিউল কয়রা সদর ইউনিয়নের পায়রাতলা গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সরকারি দপ্তরগুলোতে ভাঙচুরের ঘটনায় রবিউলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে কথাবার্তা এলোমেলো ও মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি কয়রায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে চুরির উপদ্রব বাড়ায় এবং সরকারি দপ্তরে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।






