কয়রায় বিদ্যালয় ভবন ধস: পাঠদান নিয়ে অনিশ্চয়তা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় উপজেলা কয়রা ও মহারাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজী আবদুল জব্বার হাইস্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার একটি পুরোনো ভবন ধসে পড়েছে। শুক্রবার বিকেলে ভবনটির দ্বিতীয় তলার ছাদসহ সামনের অংশ ধসে পড়ে। সাপ্তাহিক ছুটি থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেলেও শিক্ষার্থীদের পাঠদান নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল হায়দার জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০০০ সালে দুইতলা একাডেমিক ভবনটি নির্মিত হয়েছিল। আইলা, ইয়াস ও রিমালের মতো ঘূর্ণিঝড়ের লবণাক্ত পানির কারণে ভবনটির কাঠামো আগেই দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে সেখানে ক্লাস নিতে হচ্ছিল। মাধ্যমিক শাখায় বর্তমানে ২৩০ জন শিক্ষার্থী ও ১৯ জন শিক্ষক রয়েছেন।
খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ধনঞ্জয় মিস্ত্রী জানান, প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটিতে চারতলা ভিত্তির ওপর নতুন একতলা ভবন এবং পাঠদান সচল রাখতে অস্থায়ী দুটি টিনশেড ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুতই নির্মাণকাজ শুরু হবে।









