কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, নদীতে অবমুক্ত
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটি সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে আংটিহারা এলাকার লোকালয় থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, লোকালয়ে সামুদ্রিক কচ্ছপ চলে আসার খবর পেয়ে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষী, ভিটিআরটি এবং সিপিজি সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কচ্ছপটি উদ্ধার করে ওজন মাপেন এবং শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ থাকায় সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেটি শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়।









