কলারোয়ায় পোল্ট্রি খামারে হামলা ও ভাঙচুরের অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক মিজানুর রহমান কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের চক জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের ভোগদখলে থাকা ২১ শতক জমিতে নির্মিত আটটি দোকানঘর তালা উপজেলার সেনেরগাতী গ্রামের আলমগীর হোসেনকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি প্রায় পাঁচ বছর ধরে পোল্ট্রি খামারের ব্যবসা পরিচালনা করছেন। জমি নিয়ে একই গ্রামের আব্দুল মান্নান গাজীর সঙ্গে মিজানুর রহমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
অভিযোগে বলা হয়, আব্দুল মান্নান ও তাঁর ছেলে মোখলেসুর রহমানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি খামারে হামলা চালিয়ে দোকানঘর, দুটি বৈদ্যুতিক মিটার, ৩০টি এলইডি লাইট, নয়টি হিটিং টুলস ও একটি টিউবওয়েল ভাঙচুর করেন। এ সময় আট বস্তা পোল্ট্রি খাদ্য ও মুরগি নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যান। তবে অভিযুক্ত আব্দুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












