কলারোয়ায় রাস্তার ওপর পণ্য রাখায় ৯ দোকানিকে জরিমানা
আরিফ মাহমুদ: সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার ওপর পণ্য রেখে ব্যবসা করায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জন ফল ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি বেকারিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ধ্বংস করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
তিনি জানান, রাস্তার ওপর পণ্য রেখে ব্যবসা করায় ৯ জন ফল ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে দুটি বেকারিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ধ্বংস করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন আজমল হোসেন, ফয়সাল হোসেন, সৈয়দ জিয়াউল হক, আরিফ হোসেন, ডালিম হোসেন, কামাল হোসেন, ফয়সাল, ওসমান গণি ও রফিকুল ইসলাম।
এ সময় কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









