সাতক্ষীরা সীমান্তে ৯৭ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, কাশির সিরাপ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন পদ্মশাখরা, কুশখালি ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, পদ্মশাখরা বিওপির অভিযানে পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়ক থেকে ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, কাকডাঙ্গা বিওপির অভিযানে মধ্যপাড়া এলাকা থেকে ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় উইনক্রেক্স সিরাপ এবং কুশখালি বিওপির অভিযানে আমতলা এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মোট মূল্য ৯৭ হাজার টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।












