সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

কালিগঞ্জে আইনশৃঙ্খলা সভায় তেল ও আম নিয়ে কঠোর হুঁশিয়ারি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কালিগঞ্জে আইনশৃঙ্খলা সভায় তেল ও আম নিয়ে কঠোর হুঁশিয়ারি

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট এবং অপরিপক্ব আম বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন সাহার সভাপতিত্বে সভায় মূল আলোচনায় উঠে আসে বর্তমান জ্বালানি সংকট ও জনদুর্ভোগের বিষয়টি। সভায় বক্তারা বলেন, অধিক দামে জ্বালানি তেল বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরি করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মৌসুমের আগে কেমিক্যাল দিয়ে অপরিপক্ব আম পাকানো এবং মাদক চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত হয়। সাতক্ষীরা-ভেটখালী সড়কের নির্মাণকাজে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ড. শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম, মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সুকুমার দাশ বাচ্চু এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
অনুষ্ঠানে বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার ফারুক হোসেন, আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ইমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জনস্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় টহল জোরদার এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও সক্রিয় করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

Ads small one

সাতক্ষীরায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বিশার বিলে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন খানপুর গ্রামের মো. মহিবুল্লাহ (৫২), আব্দুস সবুর (৪১), মাসুম বিল্লাহ (৫৫) ও এস এম মাসুদ (৩৭)। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খানপুর গ্রামের আব্দুস সবুর তাঁর পৈতৃক জমিতে চলতি মৌসুমে ইরি ধান আবাদ করেন। ওই জমি নিয়ে প্রতিবেশী গিয়াস উদ্দিনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আঃ সবুরের অভিযোগ, সোমবার ভোর ৬টার দিকে গিয়াস উদ্দিনের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ওই জমির ধান কাটতে শুরু করে।
বাধা দিতে গেলে হামলাকারীরা মহিবুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাঁর ডান হাতে গুরুতর জখম হয়। এ সময় অন্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে আব্দুস সবুরের আঙুলসহ অন্যরাও আহত হন। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা প্রায় ১০ মণ ধান কেটে নিয়ে গেছে এবং যাওয়ার সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
ভুক্তভোগী আব্দুস সবুর বলেন, ‘জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু গিয়াস উদ্দিনরা দীর্ঘদিন ধরে এটি জবরদখলের চেষ্টা করছে। আজ বাধা দেওয়ায় তারা আমাদের ওপর নৃশংস হামলা চালিয়েছে।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ বা এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

সাতক্ষীরায় ‘মধুমতি-২’ হাইব্রিড ধানের মাঠ দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ‘মধুমতি-২’ হাইব্রিড ধানের মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের খোল বিলে অধিক ফলনশীল হাইব্রিড ধান ‘মধুমতি-২’-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে এবং সাতক্ষীরা মুসলিম বীজ ভা-ারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনাইটেড সীড কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক (খুলনা ও বরিশাল) জাহাঙ্গীর হোসেন। কোম্পানিটির বিপণন কর্মকর্তা মো. আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন খুলনা ডুমুরিয়া অঞ্চলের বিপণন কর্মকর্তা পলাশ মল্লিক, আশরাফুল হোসেন এবং মুসলিম বীজ ভা-ারের প্রতিনিধি আব্দুর রাশেদ।
মাঠ দিবসে প্রদর্শনী খেতের কৃষক শামীমুল ইসলাম সবুজ তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘সুলতানপুর বড় বাজারের মুসলিম বীজ ভা-ার থেকে বীজ সংগ্রহ করে আমি এবার মধুমতি-২ চাষ করেছি। অল্প সময়ে ও স্বল্প খরচে এই ধানের ফলন দেখে আমি অভিভূত। ৩৩ শতকের বিঘায় প্রায় ৩০ থেকে ৩৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। ঝোড়ো বাতাসেও গাছ হেলে পড়েনি এবং রোগের উপদ্রব ছিল খুবই কম।’
অনুষ্ঠানে মধুমতি-২ ধানের বৈশিষ্ট্য তুলে ধরে কৃষি বিশেষজ্ঞরা জানান, চীন থেকে আমদানিকৃত এই জাতটি ব্রি-ধান ২৮-এর মতো মধ্যম চিকন। ফলে বাজারে এর ভালো দাম পাওয়া যায়। এর ভাত ঝুরঝুরে ও সুস্বাদু। ধানটির জীবনকাল ১৩৫ থেকে ১৪০ দিন এবং পাকার পর শিষ থেকে ধান ঝরে পড়ার ভয় থাকে না। ফলন ভালো হওয়ায় এলাকার অন্য কৃষকরাও আগামী মৌসুমে এই জাতটি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। মাঠ দিবসে স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক, মো. আজারুল ইসলাম, বিল্লাল হোসেনসহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ চাষি উপস্থিত ছিলেন। শেষে ধান কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলন প্রদর্শন করা হয়।

সাতক্ষীরায় ১৫ মাসে ২১২০ আবেদন, আদায় প্রায় কোটি টাকা, উপকারভোগী ২১৬৫জন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ১৫ মাসে ২১২০ আবেদন, আদায় প্রায় কোটি টাকা, উপকারভোগী ২১৬৫জন

জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস আজ
বদিউজ্জামান: আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড অফিসের সাম্প্রতিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের চিত্র উঠে এসেছে। জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ২১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ৫২০টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৩৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার আওতায় ১৬০০টি আবেদন দায়ের করা হয়, যার মধ্যে ১৪৮১টি নিষ্পত্তি হয়েছে—যা দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময়কালে ১১০৬ জন নারী ও ৩৭৬ জন পুরুষকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬৫ জনে। এছাড়া এডিআরের মাধ্যমে আদায় হয়েছে ৯৯ লক্ষ ৭৮হাজার টাকা, যা অসহায় ও দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আদালত হতে ১৭টি, জেলা কারাগার হতে ৬৭টি এবং উপজেলা ও ইউনিয়ন কমিটি হতে ৩০টি আবেদন পাওয়া গেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রেফার করা আবেদন এসেছে ১০০টি।
সংশ্লিষ্টরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এ অর্জনগুলো বিচারপ্রাপ্তির অধিকারকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।