কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কয়লা একাদশের জয়
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে খেলাটি শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সিরাজুল ইসলাম, সাবুর আলী, ফিরোজ আহমেদ, আক্তারুজ্জামান ও শহিদুল ইসলাম।
উদ্বোধনী খেলায় আটুলিয়া ফুটবল একাদশ ও কয়লা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধের পঞ্চম মিনিটে আটুলিয়া একাদশের ১২ নম্বর খেলোয়াড় হাসানুর গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর নবম মিনিটে কয়লা একাদশের ১০ নম্বর খেলোয়াড় রাব্বি গোল করে খেলায় সমতা ফেরান। শেষ দিকে কয়লা একাদশের মারুফ ও সজিব আরও দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কয়লা ফুটবল একাদশ।
খেলাটি পরিচালনা করেন রাশেদ। তাঁকে সহযোগিতা করেন রুহুল আমিন ও সাইফুল ইসলাম। নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী খেলায় মোকন্দপুর ও কাটুরিয়া ফুটবল একাদশ মুখোমুখি হবে।






