বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: ডিসি কাউসার আজিজ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচার সহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ বলেন, “সচেতনতার অভাবেই বাল্যবিবাহের মতো গুরুতর দুর্ঘটনা সমাজে ঘটে চলেছে। বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচার এগুলো পৃথক ঘটনা নয়, বরং একই অপরাধের ধারাবাহিক রূপ। প্রতিটি সামাজিক অন্যায় ও অনাচার প্রতিরোধে নিজের ঘর থেকে শুরু করে সর্বত্র সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বলেন, “বাল্যবিবাহ ও সাইবার বুলিংয়ের মতো অপরাধ সামাজিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে। তরুণ প্রজন্মকে, বিশেষ করে শিক্ষার্থীদের এই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার হতে হবে। প্রশাসন এই ধরনের অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।”
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, “প্রযুক্তির প্রসার যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি সাইবার বুলিংয়ের ঝুঁকিও বাড়িয়েছে। নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তায় সচেতনতার পাশাপাশি যেকোনো নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত রাখতে হবে।”
সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী, ইউপি সদস্য এবং শিক্ষার্থীরা অংশ নেন। অতি সম্প্রতি সাতক্ষীরায় একদিনে ১৩টি বাল্যবিবাহের ঘটনা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এ প্রেক্ষাপটে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও ইউপি সদস্যরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।






