খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
পত্রদূত ডেস্ক: খুলনা নগরীর লবণচরা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁর মরদেহ পাওয়া যায়। তিনি ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে বাড়িতে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ওপর তাঁর মরদেহ দেখতে পেয়ে এক ব্যক্তি পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, কলিনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন এবং মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।









