মোংলায় ৪৫ টন চোরাই ফ্রেশ মবিলসহ দুই লরি ও বোট জব্দ
সংবাদদাতা: বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৪৫ টন চোরাই ফ্রেশ মবিলসহ দুটি তেলবাহী লরি ও একটি বোট জব্দ করেছে মোংলা থানা পুলিশ। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের মূল অভিযুক্ত পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র মোংলা বন্দরে বিদেশি মাদার ভেসেল ও অয়েল ট্যাংকার থেকে অবৈধভাবে ফ্রেশ মবিল সংগ্রহ করে আসছিল। পরে ছোট বোটে করে এসব তেল এনে লরিতে ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলভর্তি দুটি লরি ও একটি বোট জব্দ করা হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে মামুন ভূঁইয়া নামে এক ব্যক্তিকে এ চক্রের মূলহোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, বন্দরের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন। মোংলা থেকে খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় চোরাই তেল সরবরাহ করা হতো বলেও অভিযোগ রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৪৫ টন ফ্রেশ মবিলসহ দুটি লরি ও একটি বোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামুন ভূঁইয়াসহ জড়িতদের বিরুদ্ধে তেল চুরি ও চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।









