চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয় ও জনতা ব্যাংক উজিরপুর বাজার শাখার মধ্যে সমঝোতা স্মারক সই
সংবাদদাতা: সাতক্ষীরার চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র (আ. প্র. চ.) মাধ্যমিক বিদ্যালয় ও জনতা ব্যাংক উজিরপুর বাজার শাখার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আসবে।
২৩ আগস্ট রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জনতা ব্যাংক উজিরপুর বাজার শাখার শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
চুক্তি অনুযায়ী, জনতা ব্যাংক তাদের ‘জনতা পে’ ডিজিটাল পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি ও অন্যান্য নির্ধারিত ফি অনলাইনে গ্রহণ করবে। শিক্ষার্থী ও অভিভাবকেরা দেশের যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা অনলাইনের মাধ্যমে এসব অর্থ পরিশোধ করতে পারবেন।









