ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত লাবসা থানা শাখার উদ্যোগে রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। লাবসা থানা শাখার সভাপতি হাফেজ তৌহিদুজ্জামান ফয়সালের সভাপতিত্বে এবং থানা সম্পাদক রাসেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সম্পাদক মো. নুরুন্নবী।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুন্নবী বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৩ নম্বর লাবসা ইউনিয়নের আমীর হাফেজ আমিরুল ইসলাম এবং সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হোসেন।
আলোচনা সভা শেষে জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য নেতা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









