জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত সব ধরনের অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবিতে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ এই সভার আয়োজন করে। ‘দুনিয়ার মজদুর এক হও!’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভা থেকে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জোটের সভাপতি ও মুখপত্র নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, জেএসডির (জাতীয় সমাজতান্ত্রিক দল) সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী এবং জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জব্বার।
সভায় বক্তারা বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী নীতির কারণে আজ ইরানে হামলা ও ফিলিস্তিনে গণহত্যা চলছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত সব অসম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।”
বক্তারা বিশ্বব্যাপী চলমান যুদ্ধবাজ কর্মকা-ের নিন্দা জানিয়ে জনস্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব প্রগতিশীল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক প্রকাশ চন্দ্র মন্ডল, বাসদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) নেতা আবু তালেব মোল্লা, সাতক্ষীরা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন, উন্নয়নকর্মী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্যসচিব মনসুর রহমান প্রমুখ।











