রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের ওপর যত হামলা ও হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
ট্রাম্পের ওপর যত হামলা ও হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। আধুনিক কোনও মার্কিন প্রেসিডেন্টকে এমন নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে হয়নি।

ওয়াশিংটন সময় শনিবার রাত সাড়ে আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে। ওই নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা দেওয়ার কথা ছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং কংগ্রেসের আইনপ্রণেতারাও সেখানে উপস্থিত ছিলেন। গুলির ঘটনায় প্রেসিডেন্ট নিজেই লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্রাম্পের ওপর এর আগের হামলা ও হুমকি

শনিবারের এই ঘটনা ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সময় থেকে শুরু হওয়া নিরাপত্তার হুমকির একটি দীর্ঘ ধারাবাহিকতার অংশ। এর আগে ২০২৪ সালের নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প দুটি হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরেছেন। সেই দুটি ঘটনাই সিক্রেট সার্ভিসের ব্যর্থতা সামনে এনেছিল, যা নিয়ে তদন্ত হয়েছে এবং সংস্থার নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

এর আগের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার মধ্যে রয়েছে:

পেনসিলভানিয়ার বাটলার (২০২৪)

২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস একটি র‍্যালিতে এআর-স্টাইল ৫৬৬ রাইফেল দিয়ে গুলি চালান। গুলি ট্রাম্পের ডান কানে আঘাত করে এবং একজন অংশগ্রহণকারী নিহত হন। পরে সিক্রেট সার্ভিসের স্নাইপারের গুলিতে হামলাকারী নিহত হয়।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ (২০২৪)

ট্রাম্প যখন তার গলফ ক্লাবে খেলছিলেন, তখন রায়ান ওয়েসলি রাউথকে রাইফেলসহ দেখা যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি চালালে তিনি পালিয়ে যান এবং পরে গ্রেফতার হন। তিনি এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

অন্যান্য ঘটনা

২০১৬ সালের জুনে লাস ভেগাসের এক র‍্যালিতে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন এক ব্রিটিশ নাগরিক। ২০১৭ সালের সেপ্টেম্বরে নর্থ ডেকোটায় এক ব্যক্তি ফর্কলিফট চুরি করে প্রেসিডেন্টের কনভয়ে হামলার পরিকল্পনা করেন। ২০২০ সালের সেপ্টেম্বরে এক ব্যক্তি ট্রাম্পকে প্রাণঘাতী ‘রিসিন’ মেশানো চিঠি পাঠান। ২০২৪ সালের জুলাই মাসে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের হয়ে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার ও দণ্ডিত করা হয়।

সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ট্রাম্প যখন ওয়াশিংটনে ছিলেন, তখন মার-এ-লাগোতে শটগান ও গ্যাসের ক্যানিস্টারসহ আসা ২১ বছর বয়সী এক তরুণকে সিক্রেট সার্ভিসের সদস্যরা গুলি করে হত্যা করেন।

এত সব হুমকি সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি জনসমক্ষে তার উপস্থিতি কমানোর কোনও পরিকল্পনা করছেন না।

সূত্র: অ্যাক্সিওস

Ads small one

আগুনের ক্ষত ও স্তব্ধ ভাষা জয় করেছে নুরজাহানের রং-তুলি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
আগুনের ক্ষত ও স্তব্ধ ভাষা জয় করেছে নুরজাহানের রং-তুলি

আসাদুজ্জামান সরদার: নুরজাহানের মুখে ভাষা নেই, কানেও শোনে না সে। কিন্তু তার হাতের রং-তুলি কথা বলে। ক্যানভাসে ফুটে ওঠে হৃদয়ের সব না বলা গল্প। সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার এই শিশুটি শারীরিক প্রতিবন্ধকতা আর শৈশবের এক ভয়াবহ অগ্নিসন্ত্রাসের ক্ষত জয় করে এখন মেধার স্বাক্ষর রাখছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তার অর্জিত পুরস্কারের সংখ্যা এতই যে, সেগুলো রাখার জন্য বিধবা মা হামিদা বেগমকে আলাদা একটি শোকেস কিনতে হয়েছে।
নুরজাহান সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার মৃত নুরুল গাজী ও হামিদা বেগম দম্পতির সন্তান। তাদের আদি বাড়ি শ্যামনগরের সুন্দরবনঘেঁষা টেংরাখালী গ্রামে। স্বামী মারা যাওয়ার পর ইয়াতিম সন্তানকে নিয়ে মা হামিদা বেগমের জীবনযুদ্ধ শুরু হয়। অন্যের বাড়িতে কাজ করে চলে মা-মেয়ের সংসার। ছোট একটি কুঁড়েঘরে তাঁদের বসবাস।
হামিদা বেগম জানান, পাঁচ বছর আগে যখন নুরজাহানের বয়স মাত্র চার কি পাঁচ, তখন প্রতিবেশী এক দুর্বৃত্ত তাকে নির্জন স্থানে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে তার পা থেকে কোমর পর্যন্ত ঝলসে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু সেই অসহ্য যন্ত্রণা আর শারীরিক সীমাবদ্ধতা তাকে থামিয়ে দিতে পারেনি। বর্তমানে সে সাতক্ষীরা সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী।
হামিদা বেগম আবেগপ্রবণ হয়ে বলেন, “স্বামী মারা যাওয়ার পর এই মেয়েটিই আমার সব। ও কথা বলতে পারে না, কিন্তু ওর আঁকা ছবির মধ্যে আমি আমার স্বপ্ন খুঁজে পাই। ওর পুরস্কারগুলো রাখার জায়গা হচ্ছিল না বলে কষ্ট করে একটি শোকেস কিনেছি। ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আমার চাওয়া।”
স্কুলের প্রধান শিক্ষক এম রফিক বলেন, “নুরজাহান আমাদের স্কুলে আড়াই-তিন বছর ধরে আছে। পড়াশোনার চেয়ে ছবি আঁকা ও নাচে সে অসাধারণ পারদর্শী। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর বা বাংলা নববর্ষের মতো জাতীয় দিবসগুলোতে জেলা প্রশাসন ও শিশু একাডেমির প্রতিযোগিতায় সে নিয়মিত অংশ নেয় এবং প্রতিবারই পুরস্কার জয় করে। ওর সৃজনশীলতা আমাদের বিস্মিত করে।”
নুরজাহানের এই মেধার প্রশংসা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী। তিনি বলেন, “চরম প্রতিকূলতা জয় করে নুরজাহান শিল্পের মাধ্যমে নিজেকে মেলে ধরছে। এমন প্রতিভাকে বিকশিত করতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সঠিক সহযোগিতা পেলে সে দেশের সম্পদে পরিণত হবে।”
শারীরিক ক্ষত আর দারিদ্র্যকে পেছনে ফেলে নুরজাহান এখন এক লড়াকু সত্তার নাম। তার এই স্বপ্নের পথে এগিয়ে যেতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা

তালা প্রতিনিধি: তালায় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিলÑ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।
শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের সুস্থ ও মেধা বিকাশে সুষম ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম ও মেডিকেল টেকনোলজি (ইপিআই) শেখ সাহিদুর রহমান রিপন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক মো. ইবাদুল গাজী, মো. সাদিকুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সাকিব।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘খাদ্য ও পুষ্টি’ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আশাশুনিতে গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শরাফপুর ও আনুলিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
আশাশুনিতে গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শরাফপুর ও আনুলিয়া

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত লড়াই সম্পন্ন হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে বালিকা বিভাগে শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতেছে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দল দুটি এখন জেলা পর্যায়ে আশাশুনি উপজেলার প্রতিনিধিত্ব করবে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু। উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল ইসলাম ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মমিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ। খেলাটি পরিচালনা করেন আনিছুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। মাঠজুড়ে দর্শকদের করতালি ও উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।