তালার ধুলন্ডা গ্রামে মূল্যবান গাছ কাটার অভিযোগ
তালা প্রতিনিধি: তালার ধুলন্ডা গ্রাম থেকে অবৈধ ভাবে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্ধলক্ষাধিক টাকা মূল্যের গাছটি জেঠুয়া বাজারে বিক্রিকালে সংবাদ পেয়ে গাছের মালিক তা আটক করেন। এঘটনায় গাছ মালিক আ.ব.ম. খুরশিদুর জামান থানায় অভিযোগ দায়ের করেছে।
উপজেলার ধুলন্ডা গ্রামের মৃত, জমির উদ্দীন আহম্মাদ’র ছেলে আ.ব.ম খুরশিদুর জামান জানান, তাদের বাড়িতে বসবাস করার মতো তেমন লোকজন না থাকায় প্রতিবেশি আছাদ শেখ বিভিন্ন সময়ে জমি দখল চেষ্টা, গাছপালা কেটে নেয়া, বাড়ি-ঘর থেকে জিনিসপত্র হাতিয়ে নেয়া সহ নানান উৎপাত করে আসছে। এবিষয়ে তাকে বারবার নিষেধ করলেও তিনি তা অমান্য করে গোপনে নানান উৎপাত করে। এরমধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগে পিতা মৃত, জমির উদ্দীন আহম্মাদ’র রোপন করা অর্ধ লক্ষ টাকা মূল্যের একটি বড় মেহগনি গাছ আছাদ শেখ কেটে নেয়।
পরে ওই গাছটি জেঠুয়া বাজারে কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রিকালে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগীতায় সেটি আটকানো হয়। এঘটনায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে আছাদ শেখসহ নেহালপুর গ্রামের শবুজ মোড়ল, জুয়েল খাঁ এবং জেঠুযা বাজারের সিরাজুল ইসলাম সরদারের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত আছাদ শেখ বিভিন্ন সময়ে গাছ কাটা ও জমি দখল চেষ্টাসহ মারপিট করে মানুষকে আহত করে বলে খুরশিদুর জামান জানান।
এবিষয়ে তালা থানার ওসি (তদশ্ল) মো. সাখাওয়াত হোসেন বলেন, গাছ কেটে নিয়ে যাবার বিষয়ে অভিযোগ পেয়েছি। গাছটি জেঠুয়া বাজারে জব্দ করা আছে। এবিষয়ে তদশ্ল চলছে এবং তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।









