বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

তালায় এক রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুঃসাহসিক চুরির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
তালায় এক রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুঃসাহসিক চুরির অভিযোগ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় এক রাতেই দুটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। এর একটি ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আবজাল জোয়াদ্দারের বাড়ি এবং অপরটি খানপুর গ্রামের জাহাবাক্স সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়ি।

ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আবজাল জোয়াদ্দার জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে জিনিসপত্র এলোমেলো দেখতে পান এবং চুরির বিষয়টি বুঝতে পারেন।

অপরদিকে, খানপুর গ্রামের জাহাবাক্স সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও চুরির ঘটনায় ইলিয়াস সরদার জানান, চোরেরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি করে।

তবে চুরির ঘটনায় পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। সুস্থ হওয়ার পর ঘরে থাকা মালামাল যাচাই করে চুরি যাওয়া সম্পদের সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Ads small one

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে রোপন কর্মসূচি অব্যহত রয়েছে।

গাছ লাগাই-পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বোয়ালিয়া ব্রিজ রোডের পাশে গাছের চারা রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রবির কুমার দত্ত, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, আলম গাজী, কার্তিক বাছাড় প্রমুখ। সড়কের পাশে নিম, কদম, বাদাম, পেয়ারা ও হিজল গাছের চারা রোপন করা হয়।

উপজেলা বন কর্মকর্তা প্রবির কুমার দত্ত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি করে গাছ লাগাতে হবে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতে হবে। জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখতে সচেতনতাই মূল চাবিকাঠি।

বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষ রোপন ও বিতারণ কর্মসূচি পালন করা হবে।

 

সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট ২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে সিডো সংস্থার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, স্থানীয় সরকার এবং অন্যান্য অংশীজন এতে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণমূলক পিআরএ পদ্ধতির মাধ্যমে কমিউনিটির সম্পদ, ঝুঁকি, সেবার ঘাটতি ও সম্ভাবনা বিশ্লেষণ করে মানবিক সহায়তা, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীলতাকে একত্রিত করে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি ও অংশীজন সম্পৃক্ততার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে।

উদ্দেশ্য সমূহ যুবদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নেক্সাস প্রোগ্রামের পদ্ধতি, নীতি ও পিআরএ অংশগ্রহণমূলক টুল ব্যবহার করে কমিউনিটির মানুষের সঙ্গে যৌথভাবে স্থানীয় সমস্যা চিহ্নিত, বিশ্লেষণ এবং সমাধানভিত্তিক কমিউনিটি লিড নেক্সাস প্লান প্রণয়ন করতে পারে। এই পরিকল্পনা সাতক্ষীরায় চিহ্নিত পাঁচটি অগ্রাধিকারভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

কমিউনিটি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী সংস্থা এবং সিভিল সোসাইটি সংগঠনের মধ্যে কার্যকর অংশীদারিত্ব ও সমন্বয় জোরদার করা, যাতে স্থানীয় বাস্তবতা, জনগণের প্রয়োজন এবং প্রমাণভিত্তিক তথ্যের ভিত্তিতে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায়।

অ্যাডভোকেসি, সংলাপ ও অংশীদারিত্বমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা, যাতে কমিউনিটির অগ্রাধিকার, চাহিদা ও প্রস্তাবনাগুলো স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, সেবা প্রদান এবং বাস্তবায়ন কার্যক্রমে প্রতিফলিত হয়।

 

 

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬-এর উদ্বোধন

পত্রদূত ডেস্ক: “কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার নির্বাহী পরিচালক নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার চেয়ারম্যান জুবায়ের হোসেন। এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভার মূল্যায়ন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সম্মিলিতভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬-এর অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হয়েছে।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬-এ চতুর্থ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৬। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন অথবা অফলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও প্রত্যাশা করা হয়েছে।

রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় তথ্যের জন্য কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার অফিসে যোগাযোগ করা যাবে। অফিসের ঠিকানা আল-আমিন ট্রাস্টের দ্বিতীয় তলা, মুন্সিপাড়া, সাতক্ষীরা। যোগাযোগের জন্য ০১৯০৫-০১৫০৪৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

আয়োজকদের প্রত্যাশা, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহ জোগানোর পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেবে।