তালায় ডেইরি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় দোকানের কর্মচারীর সঙ্গে বিরোধের জেরে ডেইরি ব্যবসায়ী রবীন ঘোষকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারী লিটন শেখের (২২) বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকুঞ্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবীন ঘোষ তালা বাজারের ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষের অভিযোগ, একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে লিটন শেখ তাঁদের ডেইরি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত সোমবার সন্ধ্যায় দোকানের সামান্য বিষয় নিয়ে তাঁর বাবার সঙ্গে লিটনের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকুঞ্জিপাড়া এলাকায় লিটন তাঁর বাবার পথরোধ করেন।
এ সময় লিটন ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তাঁর বাবার কাছে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলেও অভিযোগ করেন পার্থ ঘোষ।
এ ঘটনায় রবীন ঘোষের ছেলে পহল্লাদ ঘোষ তালা থানায় লিখিত এজাহার দাখিল করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। মামলার নম্বর ৩, তারিখ ৪ নভেম্বর ২০২৬।








