তালায় বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, কথিত গুপ্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তালা উপশহরে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের পাশের চারা বটতলায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম. ইয়াছিন উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, যুবদল নেতা খান নাজমুল হুসাইন, ছাত্রদল নেতা আব্রাহাম জর্জ রাসেল, শেখ সিদ্দিকুর রহমান, আবু জাফর ও মোস্তাফিজুর রহমান রাজুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









