বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর উপজেলার খানপুর বিলের একটি ঘেরের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, খানপুর বিল এলাকায় একটি ঘেরের ভেতর থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন।

Ads small one

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, হাতেনাতে আটক-এক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, হাতেনাতে আটক-এক

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোররাতে ফজরের নামাজ পড়তে বের হওয়া এক নারীর দুই কান চাকু দিয়ে কেটে কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় আব্দুল গনি নামের একজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে নিজ ঘর থেকে বাইরে বের হন ওই নারী। আগে থেকেই ওত পেতে থাকা আব্দুল গনি পেছন থেকে এসে ধারালো চাকু দিয়ে তার কানের দুটি দুল কেটে নিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ওই নারীর দুই কান কেটে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তপাত শুরু হয়। ভুক্তভোগী নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চারদিক থেকে ঘিরে ফেলে আব্দুল গনিকে হাতেনাতে আটক করেন।

এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, “আটক আব্দুল গনি এলাকার একজন কুখ্যাত ও চিহ্নিত অপকর্মকারী। দীর্ঘদিন ধরে সে এলাকায় চুরি, ডাকাতি, মাদক কেনাবেচা এবং বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করতে গিয়ে সে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল। এমনকি তার বিরুদ্ধে থানায় পূর্বের অপরাধের একাধিক মামলাও রয়েছে।”

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত গনিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ

সংবাদদাতা: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উত্তরণ এসআরবিএম প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা যুব পানি কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে যুব পানি কমিটির সদস্যরা আম গাছ, মেহগনি, আমড়া, বকুল, রেইনট্রি ও সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির ৫০টি বড় আকৃতির গাছের চারা রোপণ করেন। চারা রোপণের পাশাপাশি প্রতিটি গাছের সুরক্ষায় ও পরিচর্যার সুবিধার্থে ছোট ছোট সাইনবোর্ড স্থাপন করা হয়। তীব্র রোদ ও বৃষ্টির প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই স্বেচ্ছাসেবী তরুণরা পুরো কর্মসূচি সম্পন্ন করেন। রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সঠিকভাবে বাড়িয়ে তোলার দায়িত্বও নিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব পানি কমিটির সেক্রেটারি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সদস্য ইফতি জামিল, ইমতি জামিল, লামিয়া জেরিন, মো. সাইমুন হাসনাত, মাহাবুবুর রহমান, সিয়াম হোসেন, করিমন নেছা শান্তরা, তাসনিহা জুই, মো. নাইমুর রহমান চৌধুরী, লামিয়া সুলতানা, আবু তাহের বিল্যাহ, মিলন কুমার রুদ্র, জাহাঙ্গীর আলম ও হাফিজা আফরোজ নীলা। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং বেসরকারি সংস্থা ‘উত্তরণ’-এর ফিল্ড অর্গানাইজার মো. গোলাম হোসেনসহ স্থানীয় প্রতিনিধি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা যুব পানি কমিটির সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, “সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের অন্যতম বড় সমস্যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। নদী ও খালের নাব্যতা হ্রাস, অতিরিক্ত পলি জমা ও অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে এখানে বছরের পর বছর সাধারণ মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে টিআরএম বা জোয়ারাধার ব্যবস্থাপনা জলাবদ্ধতা নিরসনে অত্যন্তর কার্যকারী নদীভিত্তিক সমাধান। টিআরএমের মাধ্যমে জোয়ারের পানি নিয়ন্ত্রিতভাবে নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি জমার সুযোগ তৈরি করা হয়, যা নদীর পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধি করে।”

সংগঠনের প্রচার সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন বলেন, টিআরএমের সুফল টেকসই করতে শুধু বিল ও নদী ব্যবস্থাপনা যথেষ্ট নয়। নদী-খালের আশপাশে পরিকল্পিত সবুজায়ন, মাটির ক্ষয় রোধ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করা অত্যন্তর জরুরি। অন্যদিকে, সহ-সভাপতি সাজেদুল ইসলাম জানান, তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ ও নদী-খাল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিই তাদের মূল লক্ষ্য।

যুব পানি কমিটি আশা প্রকাশ করে, এ ধরনের ধারাবাহিক সবুজায়ন ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে এলাকায় সবুজ পরিবেশ তৈরি হবে, তরুণ সমাজ তাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হবে এবং উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে টিআরএম ও পলি ব্যবস্থাপনায় স্থানীয় মানুষের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই নিতিশ বিশ্বাস, এসআই আনজির হোসেন, এসআই আব্দুর রউফ, নাজিরসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে কল্যাণপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম (৪০), বৈকারঝুটি গ্রামের মৃত ক্ষতীন্দ্রনাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ, বাউশুলি গ্রামের মৃত এনায়েত আলী সরদারের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম (কেনা) এবং শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে সিআর মামলার আসামি মোঃ শহিদুল ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করা হয়।

 

এর মধ্যে মোঃ শহিদুল ইসলামকে আশাশুনি উপজেলার বুড়াখরাটি ক্লাব মোড় সংলগ্ন সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত চার আসামিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।