বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজল হাসনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষ কুমার দাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

Ads small one

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্যামনগর ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়।

 

উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল। বক্তব্য দেন জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, নানা নির্যাতন উপেক্ষা করেও বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে।

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, শহিদুল ইসলাম ও ডা. ইমাম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাইকগাছায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
পাইকগাছায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৩

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা দুটি মামলায় আলোচিত গ্রেনেড বাবু ওরফে ডন বাবু ওরফে মোল্লা ইয়ামিন, তাঁর মা ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার শরাফপুর গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেনেড বাবু তাঁর স্ত্রীর সিম ব্যবহার করে গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তারের কাছে ১০ লাখ টাকা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসনারা বিনতে আহমেদের কাছেও ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ২৭ অক্টোবর পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা করেন। মামলা দুটির নম্বর ২৭ ও ২৮। অন্যদিকে, ডা. আহসনারা বিনতে আহমেদ সাধারণ ডায়েরি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং রামপাল থানা পুলিশের সহযোগিতায় গ্রেনেড বাবু, তাঁর স্ত্রী ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেনেড বাবুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবির বলেন, গ্রেনেড বাবু পরিচয়ে একটি চক্র চিকিৎসক ও দুই আইনজীবীর কাছে ফোনে চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শ্যামনগরে সুশীলনের নতুন কার্যক্রম নিয়ে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে সুশীলনের নতুন কার্যক্রম নিয়ে আলোচনা সভা

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকায় স্থানীয় পর্যায়ে জলবায়ুবিষয়ক কার্যক্রম জোরদার করতে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ইউএনডিইএফের সহযোগিতায় এ সভা হয়।

প্রকল্প সমন্বয়ক শেখ মো. নুরুন্নবী প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওহেদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

সভায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। স্বাগত বক্তব্যে প্রকল্প সমন্বয়ক শেখ মো. নুরুন্নবী প্রকল্পের মেয়াদ, লক্ষ্য, প্রধান কার্যক্রম ও বাস্তবায়ন এলাকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।