দুই দিন বন্ধ থাকার পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
পত্রদূত ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের কারণে দুই দিন বন্ধ থাকার পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গত বুধবার বিকেল থেকে নিরাপত্তাজনিত কারণে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে হানিফ এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহনসহ ১০ থেকে ১৫টি পরিবহন কোম্পানির বাস চলাচল শুরু হয়েছে।
সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যান মোকলেছুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার থেকে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে।
টুংগীপাড়া এক্সপ্রেসের কাউন্টার ম্যান মনিরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে সাতক্ষীরা-ঢাকা রুটে তাদের বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ হয়ে আগের নিয়মে বাস চলাচল করছে।
ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার সকাল থেকে তাঁদের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যাত্রীর সংখ্যা আগের তুলনায় কম।
সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন ও এইচআর পরিবহনসহ ১৫টি কোম্পানির বাস সাতক্ষীরা থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করছে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও পরিবহন মালিকদের মধ্যে এখনো শঙ্কা রয়েছে। অনেকে ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছেন। রাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শনিবার সকাল থেকে পুরোপুরি আগের নিয়মে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।












