দেবহাটায় অষ্টম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার লক্ষ্যে অষ্টম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গাজীরহাট বাজার ও মৎস্য আড়ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’-এর সদস্যরা অংশ নেন।
অভিযানকালে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং মৎস্য আড়তের ড্রেন পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।












