রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট শেখপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও কানের দুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ওই গৃহবধূর নাম শামীমা আক্তার। তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে টিকেট গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী আশুরা খাতুনের সঙ্গে শামীমা আক্তারের কথা-কাটাকাটি হয়। সে সময় উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ বাড়ি ফিরে যায়।
আহত শামীমার স্বামী ও মাদ্রাসা শিক্ষক ফরহাদ গাইন অভিযোগ করে বলেন, “বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় এলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। রহমত শেখের ছেলে সালামত হোসেন (বাবু), তার স্ত্রী খুকুমণি এবং মফিজুলের স্ত্রী আশুরা খাতুনসহ কয়েকজন মিলে শামীমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।”
ফরহাদ গাইন আরও অভিযোগ করেন, “মারধরের একপর্যায়ে হামলাকারীরা শামীমার দুই কান টেনে ছিঁড়ে স্বর্ণের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “ঘটনাটি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Ads small one

৩ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসকসহ ৩জনকে বরখাস্তের নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
৩ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসকসহ ৩জনকে বরখাস্তের নির্দেশ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে কর্মস্থলে দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা দুই চিকিৎসক এবং দায়িত্ব অবহেলার দায়ে এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সারাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান চেখে দেখেন। পরে পুরুষ ও মহিলা ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি) এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করেন। এছাড়া হাসপাতালের পুকুর ও চত্বর ঘুরে দেখে উপস্থিত জনসাধারণের সঙ্গে সেবার মান নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগে মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালে একই সঙ্গে ৯টি এসির আউটডোর চুরির ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে নৈশপ্রহরী মোস্তফাকে বরখাস্ত ও বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে দুপুর ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। সেখানেও কর্তৃপক্ষের বিনানুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় অপর চিকিৎসক ডা. সোহানা সেলিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।
এরপর বেলা ৩টা ৫ মিনিটে মন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছান এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সেখান থেকে ৩টা ৪০ মিনিটে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন। পরিদর্শনের একপর্যায়ে তিনি শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী উচ্চশিক্ষিত তরুণী শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন এবং তাঁর মেধায় সন্তুষ্ট হয়ে আগামীতে একটি চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, তাই মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অতীতে কী হয়েছে তা নিয়ে অজুহাত দিয়ে লাভ নেই, আমরা সারাদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক।”
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১০০ ও ১০১ শয্যায় উন্নীত করা হবে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণে শিগগিরই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু হবে। নতুন ভবনে পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার ও ট্রমা সেন্টার থাকবে।
এ ছাড়া সারাদেশে চিকিৎসাসংকট মেটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি ই-হেলথ কার্ড চালুর বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য ডাটা সংরক্ষণের এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর তদারকিতে রয়েছে এবং পরীক্ষামূলকভাবে শিগগিরই ১০টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং শুরু হবে।
পরিদর্শনকালে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্যাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাওসার আজিজ, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, চিকিৎসক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর বেড়িবাঁধে ধ্বস, ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর বেড়িবাঁধে ধ্বস, ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ও ধস দেখা দিয়েছে। ১০ দিন পার হলেও কোনো সংস্কারকাজ শুরু না হওয়ায় প্রায় ৫০ হাত এলাকার মাটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ১৭ জুলাই বাঁধটির একটি বড় অংশে ফাটল দেখা দেয়। ঘটনার দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেন। পরদিন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার বাঁধটি পরিদর্শনে এসে দ্রুত মেরামতের তাগিদ দেন। তবে পাউবোর পক্ষ থেকে দ্রুত কাজের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, নদী খননের সময় নকশাগত ত্রুটির কারণে নদীর স্রোত সরাসরি নওয়াপাড়ার বাঁধে আঘাত হানছে। দ্রুত বাঁধটি মেরামত করা না হলে মূল বাঁধ ভেঙে বুধহাটা, ফিংড়ী, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের শত শত গ্রাম, হাজার হাজার বিঘা ফসলি জমি ও মৎস্য ঘের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কাস্টমসের নতুন নিয়মে গেটপাস বন্ধ, বেনাপোল সীমান্তে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কাস্টমসের নতুন নিয়মে গেটপাস বন্ধ, বেনাপোল সীমান্তে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

এমএ রহিম, বেনাপোল (যশোর): কাস্টমস কর্তৃপক্ষের নতুন নির্দেশনা এবং কারপাস জটিলতার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বন্দরের দুপাশে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে, যার মধ্যে বড় অংশই রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কাঁচামাল।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গেট কারপাস না করায় শনিবার বিকেল থেকে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি ও আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, এতদিন ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের কারপাস (গেটপাস) নেওয়ার ক্ষেত্রে অবৈধ কোনো মালামাল থাকলে তার দায়িত্ব সিঅ্যান্ডএফ এজেন্টের ওপর বর্তাত না। তবে শনিবার কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ নতুন নিয়ম জারি করে জানায়, ট্রাকে কোনো অবৈধ মালামাল পাওয়া গেলে তার দায়ভার সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিনিধিকেই নিতে হবে। কাস্টমস কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদেই গেটপাস গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ও বন্দর সূত্রে জানা গেছে, বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কারপাস জটিলতায় আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও ভারতে পণ্য রপ্তানি এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।