দেবহাটায় দুর্গাপূজার ম-প পরিদর্শনে পুলিশ
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজাম-প সরেজমিনে পরিদর্শন করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠ দুর্গাপূজা ম-প পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
পরিদর্শনকালে তিনি ম-পের আইনশৃঙ্খলা ব্যবস্থা, আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরার সচলতার খোঁজখবর নেন। একই সঙ্গে ম-প পরিচালনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবহাটা থানার এসআই আল আমীন এবং মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর ঘোষ বাবুটসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওসি এইচ এম শাহীন জানান, প্রতিটি ম-পে পুলিশ ও আনসারের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কোনো ধরনের অপপ্রচার বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।









