দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র্যালি, অংশ নিলেন ৬০০ জন
Oplus_131072
কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে সপ্তমবারের মতো এ কর্মসূচিতে সংগঠনটির ৩৬টি শাখার প্রায় ৬০০ সদস্য অংশ নেন।
সকাল ৯টায় পারুলিয়া ফুটবল মাঠ থেকে র্যালির উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। সঞ্চালনা করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ।
অনুষ্ঠানে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহম্মেদ, বাংলা একাডেমির সহকারী পরিচালক শাহেদ মনতাজ, চিকিৎসক এস এম সরওয়ার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালিটি কোমরপুর, পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পথে কয়েকটি স্থানে অনুষ্ঠিত পথসভায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
পরে পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট অহিদুল ইসলাম অপু।









