দেবহাটায় শামীম হত্যা মামলায় যুবদল নেতা ভদুকে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ড আবেদন
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক আল আমিন রোববার (১ নভেম্বর) আদালতে এ আবেদন করেন।
সাদিকুল ইসলাম ভদু দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে। তিনি এ মামলার দুই নম্বর আসামি। গত ২৮ অক্টোবর তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা জানান, মামলার মূল রহস্য উদ্ঘাটন ও আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের শামছুর রহমান সানার ছেলে ওয়াহেদুজ্জামান শামীমকে ধর্ম অবমাননার অভিযোগে গত ১২ ও ১৩ অক্টোবর তিন দফায় মারধর করা হয়। প্রথমে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কুলিয়ার একটি ক্লিনিকে এবং সখীপুর হাসপাতালে তাঁর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশ, আনসার ও কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতিতে সখীপুর হাসপাতালে নির্যাতনের একপর্যায়ে তাঁর মৃত্যু হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল ১৫ অক্টোবর ফজলুল হক আমিনি, সাদিকুল ইসলাম ভদু, মোক্তার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে দেবহাটা থানায় হত্যা মামলা করেন।
মামলার ঘটনায় ১৫ অক্টোবর রাতে মোক্তার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা এবং ১৭ অক্টোবর ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করা হয়। পরে ফজলুল হক আমিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।









