ধর্মীয় ভাবগাম্ভীর্যে সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
মিলন বিশ্বাস: ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি ও জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা সভাপতি সুশান্ত ঘোষ।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানবজাতিকে সত্য, ন্যায় ও মানবিকতার পথ দেখায়। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা অনুসরণ করে সমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে ধর্মীয় আচার পালন করবেÑএটাই রাষ্ট্রের প্রত্যাশা। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ভাগবত আলোচনা ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় মায়ের বাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।









