সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের বিকল্প নেই: এমপি আবুল কালাম আজাদ
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সমাজে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের কোনো বিকল্প নেই। সততা ও দেশপ্রেমের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সুসংগঠিতভাবে কাজ করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।
সভায় বক্তারা আরো বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসার বাড়াতে হবে।









