শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে।

আজ (বৃহস্পতিবার) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহম্মদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, স্বাধীনতা ও মুক্তির কবি। তাঁর সৃষ্টিকর্মে অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানুষের প্রতি গভীর ভালোবাসা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়। তাই নজরুলচর্চাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের তাঁর জীবন ও দর্শনের সঙ্গে পরিচিত করে তুলতে হবে। তিনি বলেন, নজরুল বর্ষ উদ্যাপনের মূল উদ্দেশ্য শুধু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন নয়; নজরুলের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ধারণ করা। তাঁর সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, এ দেশের সংস্কৃতি  বৈচিত্র্যময়। পাহাড় ও সমতলের মেলবন্ধনে গড়ে ওঠা বাংলাদেশে ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করছে। বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের ঐক্য ও শক্তি নিহিত। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে সব জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে একসাথে বসবাস করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ রাশিদা খাতুন। আলোচনায় অংশ নেন নড়াইলের আহাদ আলী কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।

সেমিনারে নজরুলের জীবন, সাহিত্য, মানবতা, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রী এর আগে,মহম্মদপুর উপজেলায় পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন। তথ্যবিবরণী

Ads small one

কামালনগর কবরস্থান সম্প্রসারণে মতবিনিময় সভা: আর্থিক সহযোগিতার আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
কামালনগর কবরস্থান সম্প্রসারণে মতবিনিময় সভা: আর্থিক সহযোগিতার আহ্বান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থান সম্প্রসারণের লক্ষ্যে জমি ক্রয়ের উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউয়ের পদ্মা হলে কামালনগর কবরস্থান সম্প্রসারণ কমিটি এ সভার আয়োজন করে।

কমিটির আহ্বায়ক ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, তুফান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ তানজিম কালাম তমাল, কামালনগর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সোবহান, জেলা ট্রাক মালিক সমিতির শেখ সাঈদ আহমেদ (রঞ্জু) ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ।

সভায় বক্তারা জানান, কামালনগর কবরস্থানটি চার স্তর মাটি ভরাট করার পরও স্থানসংকুলান হচ্ছে না। এ সমস্যার সমাধানে কবরস্থানসংলগ্ন জমি ক্রয়ের উদ্যোগ নেওয়া হলেও জমির মালিকদের সমুদয় অর্থ এখনো পরিশোধ করা সম্ভব হয়নি। এ কাজের জন্য আনুমানিক ৫০ লাখ টাকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, কবরস্থান মুসলমানদের শেষ ঠিকানা। তাই সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকে বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী এই জমি ক্রয়ের তহবিলে আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষভাগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর বড় বাজার জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামালনগর গোরস্থান মসজিদের ইমাম ইয়াছিন আলম খান। সভায় কবরস্থান সম্প্রসারণ কমিটির সদস্য, জমিদাতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা এলাকায় ঘেরে মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫৩) নামের এক মাছ চাষীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার নিহতের স্ত্রী সুলেখা মন্ডল বাদী হয়ে ১০ জনকে আসামী করে তালা থানায় এ মামলাটি দায়ের করেন। এদিন ভোর রাতে জিয়ালা গ্রামের উত্তর খোলা বিলে ক্ষিতিশ মন্ডলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত হয়। বেলা ১২ টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।

নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন ঘের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে গাছে বেঁধে নির্মম নির্যাতন চালায়। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। ভোর পর্যন্ত তার ওপর এই বর্বর নির্যাতন চালানো হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, আমার চাচাতো ভাই ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে একটা মানুষকে রাতভর এভাবে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলবে? আমরা এই নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার চাই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সাতক্ষীরা পৃথক অভিযানে দুই বাল্যবিবাহ প্রতিরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
সাতক্ষীরা পৃথক অভিযানে দুই বাল্যবিবাহ প্রতিরোধ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর ও তালায় পৃথক অভিযান চালিয়ে দুটি বাল্যবিবাহ সফলভাবে প্রতিরোধ করেছে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এর মধ্যে একটি ঘটনায় বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের খবর পেয়ে তৎপর হয় মহিলা বিষয়ক অধিদপ্তর। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের নির্দেশে কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার আজিবর রহমান, করবী সুলতানা এবং প্রশিক্ষক তাসরিনা খাতুন ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে সদর থানা পুলিশের একটি দলও উপস্থিত হয়।

পুলিশ ও অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়। পরে জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক নাজমুন নাহার ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মেয়ের চাচার বাড়িতে বরের পিতা ও উভয় পক্ষের আত্মীয়স্বজনকে পাওয়া যায়।

বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে মুচলেকা দিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ ছাড়া মেয়ের পিতা ও চাচার কাছ থেকেও মুচলেকা নেওয়া হয় এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

অপরদিকে, একই দিনে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে আরেকটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর তালার কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিৎ ঘোষ ও প্রশিক্ষক রাজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে বরের গাড়ি মাঝপথ থেকে ফিরে যায়। পরে মেয়ের পিতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।