মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নবাগত ইউএনওর সঙ্গে ডিবি ইউনাইটেড স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
নবাগত ইউএনওর সঙ্গে ডিবি ইউনাইটেড স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ডি. বি. ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস ও সহকারী শিক্ষক মুকুল হোসাইন নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, বোর্ড পরীক্ষার ফলাফল এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যালয়টি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সাফল্য ধরে রাখার চেষ্টা করছে। নবাগত ইউএনও মো. নাজমুল হোসাইন শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

Ads small one

মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি কয়ার বিল বটতলা মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি এ এইচ এম কামরুজ্জামান। সঞ্চালনা করেন মো. আল-আমিন হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন খুলনা বোর্ডের পরিচালক ইনতাজ গাজী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ও ফখরুল ইসলাম বকুল।
সম্মেলনে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, আরবি কথোপকথন, ইংরেজিতে আত্মপরিচয়, হাদিস পাঠ ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শ্যামনগরে সিসিডিবি-শক্তি প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
শ্যামনগরে সিসিডিবি-শক্তি প্রকল্পের অবহিতকরণ সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সিসিডিবি-শক্তি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক। প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি এস এম আরিফুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও সিডিওর পরিচালক গাজী আল ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন, এরিয়া ম্যানেজার শৈলেন কলিয়া, মেহেরুন ফেরদৌসী, মাসুম বিল্লাহ, ধ্রুব বিশ্বাস, ওবায়দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রকল্প সংশ্লিষ্টরা।

সভায় উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, নারী ও যুবকদের প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন, জলবায়ু সহনশীল জীবিকা, নারীর নেতৃত্ব, অধিকার ও স্থানীয় শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারী ও যুবকদের বাস্তবতা এবং জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার বিষয়ও তুলে ধরা হয়।

কপ-৩১: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
কপ-৩১: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা

বাহলুল আলম

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষ হয়েছে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রত্যাশিত রাজনৈতিক ঐকমত্য ছাড়াই। জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এ সম্মেলনে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, ঋণনির্ভরতা কমানো, অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিল। সম্মেলন শেষে তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ আসলে কী পেল? প্রতিনিধিদলের আকার কিংবা অর্থের ঘোষণা নয়, দেশের ঝুঁকিপূর্ণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারাই হওয়া উচিত সম্মেলনের সাফল্যের মাপকাঠি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ১৪ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, কপ-৩১-এ বাংলাদেশের ৩৬১ জনের নিবন্ধন ছিল। এর মধ্যে ১৮৪ জন অতিরিক্ত বা ‘ওভারফ্লো’ প্রতিনিধি। প্রতিবেদনে প্রতিনিধিদল নির্বাচনের নির্দিষ্ট মানদণ্ডের অভাব এবং সরকারিভাবে প্রায় ২০ জনের অংশগ্রহণের ব্যয় বহনের তথ্যও উঠে এসেছে। এত বড় প্রতিনিধিদলের অংশগ্রহণের বিপরীতে জাতীয় স্বার্থে কী অর্জন হয়েছে, তা মূল্যায়ন করা জরুরি। প্রতিনিধিদের নির্বাচনপ্রক্রিয়া, দায়িত্ব, সরকারি ব্যয় ও অংশগ্রহণের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। এ জন্য প্রতিটি সম্মেলনের পর প্রতিনিধিদের তালিকা, ব্যয়, অর্থায়নের উৎস, আলোচনায় বাংলাদেশের অবস্থান ও অর্জন নিয়ে একটি স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে।

কপ-৩১ শেষে বাংলাদেশের জন্য ইতিবাচক অর্থায়নের ঘোষণাও এসেছে। বাসসের ২২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো অনুদানের কথা জানানো হয়েছে। এর সম্মিলিত পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা। সরকার জানিয়েছে, এই অর্থ ঋণ নয়, অনুদান এবং জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, অভিযোজন ও আর্থিক সুরক্ষায় ব্যবহার করা হবে। এটি নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি। তবে অর্থের ঘোষণা, চুক্তি, ছাড় এবং প্রকৃত বাস্তবায়ন এক বিষয় নয়। অর্থ ছাড়ের সময়সীমা, প্রকল্পভিত্তিক বরাদ্দ, বাস্তবায়নকারী সংস্থা ও উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া প্রকাশ করতে হবে। ঘোষিত অর্থের পাশাপাশি অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনাকেও নিশ্চিত প্রাপ্তি হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

বাংলাদেশের জলবায়ু অর্থায়নের প্রয়োজনের তুলনায় এই অনুদান অত্যন্ত সীমিত। জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ২০২৩-২০৫০ বাস্তবায়নে আনুমানিক ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই বিশাল প্রয়োজনের তুলনায় ৭৮৪ কোটি টাকা গুরুত্বপূর্ণ হলেও তা সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয়। দক্ষিণ-পশ্চিম উপকূলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে লবণাক্ততা, সুপেয় পানির সংকট, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতা মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে। তাই জলবায়ু অর্থায়ন উপকূলীয় বাঁধ ও পোল্ডার সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করতে হবে। অর্থের সুফল যেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাও জরুরি।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম দাবি হওয়া উচিত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা। কপ-২৯-এ ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি সব উৎস থেকে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন বাড়ানোর প্রচেষ্টার কথা বলা হয়। কিন্তু এই অর্থের কতটুকু অনুদান, কতটুকু ঋণ এবং কতটুকু নতুন ও অতিরিক্ত অর্থ, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। জলবায়ু সংকটের জন্য তুলনামূলকভাবে কম দায়ী দেশগুলোকে আবার ঋণ নিয়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে বাধ্য করা কোনোভাবেই ন্যায়সংগত নয়।

কপ-৩১-এর ফলাফল নিয়ে আন্তর্জাতিক মহলেও হতাশা ও সমালোচনা দেখা গেছে। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, পর্যাপ্ত অভিযোজন অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, আলোচনার কক্ষে ঐকমত্য না থাকলেও বিজ্ঞানের বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জলবায়ু ন্যায়বিচারবিষয়ক নীতিগত উপদেষ্টা অ্যান হ্যারিসন সম্মেলনের ফলাফলকে বড় ব্যর্থতা হিসেবে সমালোচনা করেছেন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কসহ বিভিন্ন জলবায়ু সংগঠনও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রত্যাশা পূরণ না হওয়া এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট পথনকশার অভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে।

এসব প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, জলবায়ু সম্মেলনের সাফল্য কেবল রাজনৈতিক সমঝোতা কিংবা অর্থের ঘোষণায় সীমাবদ্ধ থাকতে পারে না। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ—এসব ক্ষেত্রে বাস্তব অগ্রগতি প্রয়োজন। জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলোর দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের জলবায়ু কূটনীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনস্বার্থমুখী করতে হবে। সম্মেলনে অংশগ্রহণের পর অর্জন, অর্থায়ন এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত প্রকাশ করতে হবে। বিশেষ করে উপকূলীয় জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে অর্থ ব্যয়ের কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

দক্ষিণ-পশ্চিম উপকূলের একজন নারী যখন সুপেয় পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দেন, একজন কৃষক যখন লবণাক্ততায় ফসল হারান কিংবা একজন জেলে যখন জীবিকার সংকটে পড়েন, তখন জলবায়ু সম্মেলনের প্রকৃত অর্জনের প্রশ্নটি সামনে আসে। বাংলাদেশের মানুষের প্রয়োজন কেবল আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়; প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, ন্যায্য ক্ষতিপূরণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাস্তব সুরক্ষা। জলবায়ু কূটনীতির সাফল্য নির্ভর করবে আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে স্থানীয় মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায় কতটা রূপান্তর করা যাচ্ছে তার ওপর।

ধনী ও শিল্পোন্নত রাষ্ট্রগুলোর প্রতি আমাদের স্পষ্ট বার্তা—জলবায়ু সংকটের দায় তোমাদের, অস্তিত্বের লড়াই আমাদের। প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব পদক্ষেপ; ঋণ নয়, চাই ন্যায্য ক্ষতিপূরণ।

বাহলুল আলম, প্রধান সমন্বয়কারী, সিভিক ভয়েজ বাংলাদেশ