সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় তামাকমুক্ত ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় তামাকমুক্ত ঘোষণা

পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার রাজধানীতে কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। তিনি জানান, তামাকের ধোঁয়ায় প্রায় সাত হাজার রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে প্রায় ২৫০টি মানবদেহের জন্য ক্ষতিকর। তাঁর উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। বৈশ্বিক প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার জরিপের (গ্যাটস) তথ্য উল্লেখ করে তিনি বলেন, আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ এবং সরকারি কার্যালয়ে ২১ দশমিক ৬ শতাংশ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের ঝুঁকিতে রয়েছেন।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সব জনসমাগমস্থল ও কর্মক্ষেত্র শতভাগ ধূমপানমুক্ত রাখা জরুরি। এ জন্য সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর বিধিমালা দ্রুত প্রণয়নের ওপরও তাঁরা গুরুত্ব দেন। বিধিমালা প্রণয়নে বিলম্ব হলে আইনে অন্তর্ভুক্ত জনস্বাস্থ্য সুরক্ষার উদ্যোগগুলোর সুফল পেতে দেরি হতে পারে বলে তাঁরা উল্লেখ করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন কর্মকর্তা ফেরদৌস আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত পরিচালক কাউছারুল ইসলাম সিকদার এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সহকারী পরিচালক ডা. নায়লা পারভিন। এ সময় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী

পিরোজপুরে স্ত্রী ও মেয়ে কবর খুঁড়ে এক মুক্তিযোদ্ধার মরদেহ দাফনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, “আমি আমার দফতরে গিয়ে আজই খোঁজ নেবো। পিরোজপুরে আমাদের যে মুক্তিযোদ্ধা সংসদ আছে, তাদের সঙ্গেও কথা বলবো। এ ধরনের ঘটনা তদন্তে কমিটি করবো এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো।”

তিনি বলেন, “মনে রাখতে হবে দেশটা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনও সুযোগ থাকবে না।”

একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণের বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে যথাযথভাবে জানানো হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিষয়টি জানানো হলে মন্ত্রণালয় আগেই তা নজরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো।”

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই শক্তি এখনও দেশে রয়েছে বলে তিনি মনে করেন। তারা বিভিন্ন কৌশলে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে এবং সুযোগ পেলে মুক্তিযুদ্ধকে খাটো করে বিভিন্ন আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করতে মন্ত্রণালয় কাজ করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন।

ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী

শেরপুরের শ্রীবরদীতে নিজের জমি না থাকায় আব্দুল করিম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ বসতঘরের একপাশ ভেঙে সেখানে দাফন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তাতীহাটি ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল করিম শালমারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

স্বজনরা জানান, গতকাল রবিবার বিকালে মারা যান আব্দুল করিম। সোমবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়। এখন ওই ঘরের এক পাশে তার কবর, অন্য পাশে বসবাস করছেন স্ত্রী সাজেদা খাতুন (৫৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিমের বসতভিটা ছাড়া কোনও জায়গাজমি নেই। শালমারা এলাকায় পারিবারিক কবরস্থান ছাড়া কোনও গণকবরস্থানও নেই। যার কারণে যাদের পরিবারের পারিবারিক কবরস্থান নেই তারা ব্যাপক বিড়ম্বনায় পড়ছেন। কেউ কেউ বাড়ির আঙিনায়, বসতবাড়ির সামনে, বসতঘরের পাশে মরদেহ দাফন করে থাকেন। আব্দুল করিমের বসতঘরের জায়গা ছাড়া আর কোনও জমি না থাকায় বসতঘরেই তাকে দাফন করতে হয়েছে।

এ বিষয়ে শালমারা গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘আমরা এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে শালামারা গ্রামে একটি গণকবরস্থানের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। কেউ এগিয়ে না আসায় আজ আব্দুল করিমকে তার ঘরেই দাফন করা হলো। বিষয়টি খুবই দুঃজনক ও লজ্জার।’

আব্দুল করিমের মেয়ে করফুলি ও রিক্তা পারভীন জানান, তাদের বসতঘরের জমি ছাড়া আর কোনও জমি নেই। তাই বাধ্য হয়ে বাবাকে ঘরেই দাফন করলেন তারা। তবে আর কোনও স্বজনকে বা এলাকার অন্য কাউকে যে ঘরে দাফন করতে না হয়, সেজন্য এলাকায় একটি গণকবরস্থান তৈরির দাবি জানিয়েছেন তারা।

তাতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘শালামারা এলাকায় কোনও গণকবরস্থান নেই। বিষয়টি আমরা জানতে পেরেছি। আজ আব্দুর করিমের দাফনের পর বিষয়টি শুনে খারাপ লাগলো। মঙ্গলবার তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পাশেই ষাইটকাকড়া গণকবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।’

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, ‘বসতঘরের একপাশ ভেঙে বৃদ্ধের মরদেহ দাফনের কথা শুনেছি। এখন তাকে অন্য স্থানে দাফনের প্রক্রিয়া চলছে।’

হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই

হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ বা পুরো চ্যাট ভুলবসত ডিলিট করে ফেললে অনেকেই মনে করেন, সেগুলো আর ফিরে পাওয়ার উপায় নেই। তবে কিছু ক্ষেত্রে মুছে যাওয়া চ্যাট পুনরুদ্ধার করা সম্ভব। চ্যাটটি শুধু আর্কাইভ করা থাকলে সহজেই ফিরিয়ে আনা যায়। আর স্থায়ীভাবে ডিলিট হয়ে গেলে প্রয়োজন হয় আগে থেকে তৈরি করা ব্যাকআপের। অ্যান্ড্রয়েড ও আইফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ব্যবহার করে মুছে যাওয়া মেসেজ ফিরিয়ে আনার পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা।

আর্কাইভ করা চ্যাট ফিরিয়ে আনবেন যেভাবে

অনেক সময় চ্যাট মুছে গেছে বলে মনে হলেও সেটি আসলে ভুলক্রমে আর্কাইভড হয়ে থাকে। সে ক্ষেত্রে নতুন করে ব্যাকআপ ফিরিয়ে আনার প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ খুলে চ্যাট তালিকার ওপরের দিকে আর্কাইভড অপশনে প্রবেশ করুন। যে চ্যাটটি ফেরত আনতে চান, সেটির ওপর কিছুক্ষণ ট্যাপ করে নির্বাচন করুন। এরপর ওপরের দিকে থাকা আনআর্কাইভ আইকনে চাপ দিলে চ্যাটটি মূল তালিকায় ফিরে আসবে।

আইফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট তালিকায় গিয়ে নিচের দিকে সোয়াইপ করে আর্কাইভড চ্যাটস খুঁজে নিন। এরপর সংশ্লিষ্ট চ্যাটের ওপর বাঁ দিকে সোয়াইপ করে আনআর্কাই নির্বাচন করুন।

অ্যান্ড্রয়েডে ফিরিয়ে আনবেন যেভাবে

হোয়াটসঅ্যাপের ব্যাকআপ গুগল ড্রাইভে সংরক্ষিত থাকলে সেটি ব্যবহার করে চ্যাট পুনরুদ্ধার করা যায়। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সেটিংস> চ্যাটস> চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় দেখে নিন। এরপর একই ফোন নম্বর ও গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করুন। নম্বর যাচাইয়ের পর ব্যাকআপ থেকে চ্যাট ফিরিয়ে আনার অপশন এলে রিস্টোর নির্বাচন করুন।

অ্যান্ড্রয়েড ফোনের অভ্যন্তরীণ স্টোরেজেও ব্যাকআপ থাকতে পারে। ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে অ্যান্ড্রয়েড> মিডিয়া> সিওএম, হোয়াটসঅ্যাপ> হোয়াটসঅ্যাপ> ডেটাবেসেস ফোল্ডারে এসব ফাইল পাওয়া যাবে। তবে পুরোনো ব্যাকআপ থেকে মেসেজ পুনরুদ্ধার করতে হলে ফাইলের নাম পরিবর্তনসহ কয়েকটি অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হয়।

আইফোনে চ্যাট পুনরুদ্ধার

আইফোনে হোয়াটসঅ্যাপের সেটিংস> চ্যাটস> চ্যাট ব্যাকাপ অপশনে গিয়ে আইক্লাউডে ব্যাকআপ রয়েছে কি না এবং সেটি কখন তৈরি হয়েছে, তা পরীক্ষা করুন। ব্যাকআপ থাকলে হোয়াটসঅ্যাপ মুছে পুনরায় ইনস্টল করে ফোন নম্বর যাচাই করুন। এরপর রিস্টোর চ্যাট হিস্ট্রি অপশন এলে সেটি নির্বাচন করে চ্যাট ফিরিয়ে আনুন। এ পদ্ধতিতে আগে থেকে আইক্লাউড ব্যাকআপ তৈরি করা থাকতে হবে।

তবে মনে রাখতে হবে, ব্যাকআপ তৈরির পর আসা মেসেজ সেই ব্যাকআপে থাকবে না। তাই পুনরুদ্ধারের আগে ব্যাকআপের তারিখ যাচাই করা জরুরি। আগে থেকে কোনও ব্যাকআপ না থাকলে ডিলিট হওয়া মেসেজ ফেরত পাওয়ার সুযোগ সীমিত। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কথোপকথন হারানো এড়াতে নিয়মিত চ্যাট ব্যাকআপ রাখা ভালো।