সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবন্ধ/নজরুল ও তাঁর আপনার চেয়ে আপন যে জন…

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
প্রবন্ধ/নজরুল ও তাঁর আপনার চেয়ে আপন যে জন…

অভিজিৎ হালদার
‘ঐ রিক্ত বুকের দুখ আসেÑ
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!’
বাংলা সাহিত্যের বিস্ময় নজরুল, সে বিষয়ে সন্দেহ নেই। তিনি সাহিত্যের ভা-ার সমৃদ্ধ করেছেন তাঁর নির্মাণ দিয়েই। কিন্তু তার পরেও ব্যক্তি নজরুলের সমগ্র জীবন রিক্ততায় পূর্ণ। আর সেই ছাপ স্পষ্ট হবে তাঁর সাহিত্যচর্চায়। এক দিকে তাঁর জীবনের একাকিত্ব, অন্য দিকে তাঁর যাপনের যাতনাÑ দুইয়ের টানাপড়েনে বারবার খেই হারিয়েছেন তিনি। পেয়েও হারিয়েছেন অনেক কিছুই। আবার, না পাওয়ার বেদনাও রয়েছে পর্যাপ্ত। বোধ হয় সেগুলোরই প্রতিফলন তাঁর নির্মাণে স্পষ্ট হবে বারবার, বিশেষ করে তাঁর লেখা চিঠিপত্রগুলোতে।
একুশ বছর বয়সে সেনাবাহিনীর চাকরি শেষ করে নজরুল কলকাতায় ফিরলেন। তাঁর অস্থায়ী ঠিকানা হবে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি-র একটা ছোট ঘরে। সমিতিতেই ‘লিচু চোর’ কবিতা দিয়ে আলাপ হয় আলী আকবর খানের সঙ্গে। পেশাসূত্রে আলী আকবর খান ছিলেন প্রকাশক। আলী আকবর খানের সঙ্গে সখ্যের সুবাদে কবি নজরুলেরও আলাপ হবে সৈয়দা খাতুনের সঙ্গে। পরে যদিও সেই আলাপ এগোবে সম্বন্ধের দিকে। প্রসঙ্গত মনে রাখা হবে, সৈয়দা খাতুন সম্পর্কে আলী আকবর খানের ভাগ্নি ছিলেন।
১৩২৮ বঙ্গাব্দের ৩ আষাঢ় (১৭ জুন, ১৯২১) বিবাহের দিনও ঠিক হলো। দু’পক্ষই রাজি এই বিয়েতে। ইতিমধ্যে সৈয়দা খাতুনের নাম পরিবর্তন করে নজরুল ভালোবেসে নাম রাখলেন ‘নার্গিস’। বিপুল আয়োজনের বিয়েবাড়িতে কানাঘুষো কথাও শুরু হবে নজরুলকে নিয়ে। স্বাভাবিক ভাবেই, চালচুলোহীন বেয়াবালতির সংসারে কে-ই বা মেয়ে দিতে চাইবে! তার পরেও বিবাহ সম্পন্ন হবে সুষ্ঠু ভাবেই। সংঘাত শুরু হবে বাসরঘরে। নার্গিস ও নজরুলের একক কথোপকথনে এমন কিছু বিষয় উঠে আসবে যে, নজরুল সে রাতেই নার্গিসকে ছেড়ে কুমিল্লায় চলে যাবেন।
কিন্তু কী এমন ঘটে সে দিন যে, নজরুলকে এমন সিদ্ধান্ত নিতে হয়? উত্তর পাওয়া যাবে ২৩ জুলাই, ১৯২১ সালে, আলি আকবর খানকে লেখা চিঠিতেÑ ‘আমি সাধ করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ‘ক্ষুদ্র-আত্মা’ অমানুষ হয়ে যাইনি। আপনজনের কাছ হতে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা, অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। বাবা! আমি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। দোওয়া করবেন, আমার এ ভুল যেন দুদিনেই ভেঙে যায়Ñ এ অভিমান যেন চোখের জলে ভেসে যায়!’
নজরুলের প্রেরিত এই চিঠিতে স্পষ্ট হবে তাঁর চলে যাওয়ার কিছু অপ্রত্যাশিত কারণ। বিদ্রোহী কবি নজরুল সব মেনে নিতে পারেন হয়তো, কিন্তু অপমান সহ্য করবেন না। অভিমানে বিদায় দেন নিজের ‘ইরানি ফুল’-কে (‘নার্গিস’ শব্দের অর্থ)। রিক্ত জীবনের যাতনা তাঁর বাল্যসঙ্গী। তার পরেও ঘর বাঁধার আশা হয়তো ছিল ভরপুর, কিন্তু কোনও ভাবেই অপমান সহ্য করে সে ঘর বাঁধতে তিনি রাজি হলেন না।
তার পর বেশ কিছু বছরও কাটবে। নার্গিস বারবার চিঠি লেখেন কবির ঠিকানায়। কিন্তু কবি নিরুত্তর থাকতেই চান। তাঁর রাজনৈতিক পথ-প্রদর্শক মুজফ্ফর আহমদ বারবার তাঁকে চিঠির প্রত্যুত্তর দিতে অনুরোধ করলেও তিনি নিরুত্তর থাকাই শ্রেয় বলেই মনে করেন। ইতিমধ্যে তিনি প্রমীলা দেবীকে বিবাহও করেন। মনে রাখা হবে, বিদ্রোহী কবির প্রেমিক সত্তাকেও। তিনি পরাজিত প্রেমিক কোনও দিনই হতে পারেননি, হাজার চেষ্টা করেও।
তাই নার্গিসের উদ্দেশে দু’টি চিঠি তিনি জীবৎকালে লিখেছেনÑ যার একটা পাওয়া যায়, আর একটার কোনও হদিস পাওয়া যায়নি আজও। নার্গিসের সঙ্গে বিবাহ এবং বিচ্ছেদের প্রায় ষোলো বছর পর, ১৯৩৭ সালের ১ জুলাই যে চিঠি লিখেছেন কবি, সেখানে স্পষ্ট হবে তাঁর রিক্ত জীবনের বেদন ও প্রেমের ভাষ্য, যে চিঠির পরতে পরতে স্পষ্ট হবে অভিমানী প্রেমিক কবির বিরহযাপন।
‘তুমি বিশ্বাস করো, অমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তা হলে আমায় ভুল বুঝবেÑ আর তা মিথ্যা। তোমার ওপর আমি কোনো ‘জিঘাংসা’ পোষণ করি নাÑ এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কী গভীর ক্ষত, কী অসীম বেদনা! কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছিÑ তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তোমার যে কল্যাণ-রূপ আমি আমার কিশোর বয়সে প্রথমে দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে-রূপ আজও স্বর্গের পারিজাত-মন্দারের মতো চির-অম্লান হয়েই আছে আমার বক্ষে। অন্তরের আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি।’
প্রেমিক কবি ঋণ স্বীকার করতে কোনও দিনই কুণ্ঠাবোধ করেননি। যে না থাকলে হয়তো ‘অগ্নিবীণা’ ঝঙ্কৃত হতো না, কিংবা অনায়াসে ‘ধূমকেতু’র সাবলীল বিস্ময় হয়তো প্রকাশ পেত না, সে কথা কবি এই চিঠির মধ্য দিয়ে নার্গিসকেও মনে করিয়েছেন। কিন্তু তার পরেও অভিমানী কবি নজরুল তাঁর কবিসত্তাকে নস্যাৎ করতে পারেননি। তাই হয়তো তিনি পুনরায় লিখছেনÑ ‘তুমি ভুলে যেও না, আমি কবিÑ আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর, কুৎসিত সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়।’
‘চক্রবাক’-এর পরতে পরতে যে নার্গিস এখনও প্রাসঙ্গিক, সে কথাও কবি লিখছেন এই চিঠির শেষ ভাগে। তাই এ-ও বলা যাবে হয়তো, ‘চক্রবাক’ শুধুমাত্র একটা কাব্যগ্রন্থ নয়, এ যেন নজরুলের প্রতি নার্গিসের সমস্ত নালিশের কৈফিয়ত-বিচিত্রা।
‘শনিবারের চিঠি’ থেকে শুরু করে অসূয়ার ক্ষেপণাস্ত্র যখন ব্যক্তি নজরুলকে নিয়ে তুঙ্গে, তখন কবি ‘চক্রবাক’-এর ‘হিংসাতুর’ কবিতায় অভিমানের বীজ বুনলেন, অতি যতেœ লালনও করলেন। তিনি লিখলেনÑ ‘ব্যথা যে দিয়াছেÑ সম্মুখে ভাসে নিষ্ঠুর তার কায়া, দেখিলে না তব পশ্চাতে তারই অশ্রু-কাতর ছায়া!
অপরাধ শুধু মনে আছে তার, মনে নাই কিছু আর? মনে নাই, তুমি দলেছ দুপায়ে কবে কার ফুলহার?’
রিক্ত প্রেমের করুণ সুরে অভিমানের বীণা বাজাচ্ছেন নজরুল, অন্য দিকে জীবন অসাড়। জরা-ব্যাধি তাঁর ধরল বলে। নজরুল জীবনের সেই পর্যায়ে পৌঁছলেন, যেখানে এক দিকে জরাগ্রস্ত জীবন, আর অন্য দিকে রিক্ত দৈনন্দিন যাপন। একের পর এক কোলের সন্তানের মৃত্যুসংবাদ, নিয়ম করে জ্বর আসছে রোজ, দু’বেলাই। দিশেহারা নজরুল অর্থাভাবে ব্যাকুল হয়ে পড়েছে। মুরলীধর বসুকে চিঠি লিখে সে কথা স্পষ্ট জানাচ্ছেনও তিনি। ঈশ্বরকে নালিশ করতেও পিছপা হচ্ছেন না। কিন্তু জীবনের সজীবতা হারাননি একটুকু ক্ষণের জন্যেও। তিনি চিঠিতে লিখছেনÑ ‘আমি শুয়ে শুয়ে কয়েকটা গান লিখেছি উর্দু গজ়লের সুরে। তার কয়েকটা ‘সওগাতে’ দিয়েছি। দুটো তোমার কাছে পাঠাচ্ছিÑ ‘বঙ্গবাণী’তে দিয়ে আমায় তাড়াতাড়ি কিছু নিয়ে দেওয়ার জন্য। অন্য সব জায়গায় দশ টাকা করে দেয় আমায় প্রত্যেকটা কবিতার জন্য, গান দুটি পেয়েই যদি ওরা টাকাটা দেয় তাহলে আমার খুব উপকারে লাগে।Ñ আমাদের আর মান-ইজ্জত রইল না, মুরলীদা,Ñ না, অর্থাভাব বুঝি মনুষ্যত্বটাকেও কেড়ে নেয় শেষে!’
ভাবলেও বিস্মিত হতে হয়, নজরুলের মতো সাহিত্যিকেরও অর্থাভাব এতটা প্রবল! বিদ্রোহী কবিও ‘মনুষ্যত্ব’ হারানোর ভয় পাচ্ছেন। স্ব-কবি প্রতিভায় যিনি মহিমান্বিত, তিনিও সাহিত্য নির্মাণ করছেন মাত্র দশ টাকার বিনিময়ে। স্বাভাবিক কবিসত্তাকে কি কোনও দিনই এ কথা বোঝাতে পেরেছিলেন নজরুল!
রণসজ্জায় শায়িত থাকতে চাওয়া কবি নজরুল জীবনের রণক্লান্তিতে রোগে শয্যাশায়ী। ভগবান-বুকে পদচিহ্ন এঁকে দিতে চাওয়া ‘বিদ্রোহী ভৃগু’ অর্থচিন্তায় কাতর হয়ে ব্রজবিহারী বর্মণকেও চিঠিতে লিখবেনÑ ‘তুমি পত্রপাঠমাত্রই অন্তত কুড়িটি টাকা ঞ.গ.ঙ. করে পাঠাও। নইলে বড়ো মুশকিলে পড়ব। বাজার খরচের পর্যন্ত পয়সা নাই। টাকা না পাঠালে বড়ো বিপদে পড়ব।’
‘সৃষ্টি সুখের উল্লাসে’র কবি নজরুল পুনরায় মোহাম্মদ আফজলউল হককেও চিঠিতে লিখবেনÑ ‘হ্যাঁ আমায় আজই কুড়িটি টাকা টেলিগ্রাফ-মানিঅর্ডার করে পাঠাবেন শরহফষু। বড্ড বিপদে পড়েছি। আর কারুর কাছে আমি যাই-ই হই, আপনার কাছেও আমি হয়তো ভালোতে-মন্দতে মিশে তেমনই আছি।’
এক দিকে কবির লেখা এই সমস্ত পত্র, আর অদূরে যেন তাঁরই নির্মিত পঙক্তিদ্বয়, বিদ্রুপের হাসি হাসছেÑ ‘আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,/ আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি!’
‘রিক্ত’ শব্দটাও নজরুলের যাপনেই থেকে যাবে আজীবন। জরার যাঁতাকলে খানিক পরে কণ্ঠ এবং আরও পরের দিকে স্মৃতিও হারাবেন তিনি। বিদ্রোহের কবি, রণতূর্য-বিলাসী কবি নজরুল তাঁর রচিত কবিতায় ঠিক যতটা সঞ্জীবনী সুধা ছড়িয়েছেন, জীবনে ঠিক ততটা রিক্ততাও ফিরে পেয়েছেন। তিনি নির্মাণে ঠিক যতটা উদাত্ত কণ্ঠের বজ্রনিনাদ স্পষ্ট করেছেন, ঠিক ততটাই নির্বাক থেকেছেন যাপনেও।
রিক্ত প্রেমের বেদন থেকে শুরু করে স্বজন হারানোর বেদনা, একাকিত্বময় জীবন, অর্থাভাব, লাঞ্ছনা, গঞ্জনা, শাপ-শাপান্ত, গালিগালাজÑ কোনও কিছুই বাদ যায়নি তাঁর জীবন থেকে। যদি কিছু বাদ পড়ে যায়, বলা যাবে, সে ষোলো আনা জীবনই।

Ads small one

দুর্ঘটনায় গুরুতর আহত পত্রিকা এজেন্ট আলাউদ্দিন, মানবিক সহায়তার আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
দুর্ঘটনায় গুরুতর আহত পত্রিকা এজেন্ট আলাউদ্দিন, মানবিক সহায়তার আবেদন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন পত্রিকা বিলি-বণ্টনের সঙ্গে যুক্ত এজেন্ট আলাউদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণ নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। এ অবস্থায় তাঁর চিকিৎসা ও পরিবার পরিচালনায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

জানা গেছে, ইজিবাইকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান আলাউদ্দিন। তাঁর হাঁটুর হাড় ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন। দুর্ঘটনার পর থেকে শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটছে তাঁর। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় দীর্ঘদিনের পত্রিকা বিলি-বণ্টনের কাজও বন্ধ হয়ে গেছে।

আলাউদ্দিনের বাড়ি দেবহাটা ঈদগাহ বাজারের পূর্ব পাশে মাঘরী এলাকায়। দীর্ঘদিন ধরে পত্রিকা বিলি-বণ্টনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের পরিশ্রমের উপার্জনেই চলত সংসার। কিন্তু দুর্ঘটনায় আহত হওয়ার পর আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো এবং চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। একজন পরিশ্রমী পত্রিকা এজেন্টের এমন দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আলাউদ্দিনের চিকিৎসা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, পত্রিকা কর্তৃপক্ষ, সাংবাদিক সমাজ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

মানবিক সহায়তা পেলে আলাউদ্দিনের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং পরিবারের দুর্দিন কিছুটা লাঘব করা সম্ভব হবে বলে আশাবাদী তাঁর স্বজনেরা। বিপদের দিনে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু: প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু: প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন

তারিক ইসলাম

বাংলাদেশের মাটি ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু নাম, যাঁরা কেবল নিজেদের সময়কে অতিক্রম করেননি, বরং জ্ঞান-বিজ্ঞানের দিগন্তকে বিশ্বপরিমণ্ডলে প্রসারিত করেছেন। উপমহাদেশের বিজ্ঞানচর্চার ইতিহাসে যে কজন ক্ষণজন্মা পুরুষ অন্ধকারের বুক চিরে আলোর পথ দেখিয়েছেন, আচার্য জগদীশচন্দ্র বসু তাঁদের মধ্যে অগ্রগণ্য। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বিক্রমপুরে, যা আজকের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা, তাঁর জন্ম। ঔপনিবেশিক শাসন, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি প্রমাণ করেছিলেন যে আধুনিক বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম গবেষণায় বাঙালি তথা উপমহাদেশীয় মেধা কোনো অংশেই পিছিয়ে নেই।

জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক জীবন ছিল এক নিরন্তর সংগ্রামের উপাখ্যান। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করার সময় তিনি গবেষণাগারের অপ্রতুলতা এবং ইউরোপীয় সহকর্মীদের তুলনায় বৈষম্যমূলক বেতনের সম্মুখীন হন। এর প্রতিবাদে তিনি বেতন না নেওয়ার মতো দৃঢ় অবস্থান নিয়েছিলেন। একসময় যখন তাত্ত্বিক আলোচনার বাইরে হাতে-কলমে গবেষণা ও নিরীক্ষার সুযোগ ছিল সীমিত, তখন তিনি সীমিত সম্পদ ও নিজস্ব উদ্ভাবিত যন্ত্রপাতির ওপর নির্ভর করে পরীক্ষামূলক বিজ্ঞানচর্চার (এক্সপেরিমেন্টাল সায়েন্স) অগ্রপথিক হয়ে ওঠেন।

তাঁর অবদান শুধু গবেষণাগারের যন্ত্রপাতি বা জটিল সমীকরণে সীমাবদ্ধ ছিল না; তিনি মাতৃভাষায় বিজ্ঞানচর্চার পথও প্রশস্ত করেছিলেন। বাংলা ভাষায় বিজ্ঞানের বই লিখে তিনি প্রমাণ করেছিলেন যে জটিল ও সূক্ষ্ম বৈজ্ঞানিক ধারণাও সহজ, প্রাঞ্জল ও বোধগম্য বাংলায় তুলে ধরা সম্ভব। পাশাপাশি সাহিত্য ও কল্পবিজ্ঞানেও তাঁর বিচরণ ছিল উল্লেখযোগ্য, যা তাঁর সৃজনশীল ও অনুসন্ধিৎসু মননের পরিচয় দেয়।

জগদীশচন্দ্র বসুর কর্মপরিধি ছিল বহুমাত্রিক। তিনি ছিলেন একাধারে পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী।

বেতার ও মাইক্রোওয়েভ প্রযুক্তি: বেতার তরঙ্গ ও মাইক্রোওয়েভ অপটিকসের পথিকৃৎ গবেষক হিসেবে তাঁর অবদান আজ বিশ্বজুড়ে স্বীকৃত। অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের (মাইক্রোওয়েভ) বেতার সংকেত প্রেরণ ও গ্রহণে তাঁর সফল গবেষণা এবং যন্ত্র উদ্ভাবন আধুনিক বেতার যোগাযোগ ও তরঙ্গবিজ্ঞানের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উদ্ভিদবিজ্ঞান ও ক্রেসকোগ্রাফ: একসময় উদ্ভিদজগৎকে সাধারণভাবে জড় বা নির্বিকার হিসেবেই দেখা হতো। কিন্তু জগদীশচন্দ্র বসু জীব ও জড়ের মধ্যে এক গভীর ঐক্যের সন্ধান করেছিলেন। তিনি দেখিয়েছেন, মানুষের মতো উদ্ভিদও পারিপার্শ্বিক উদ্দীপনায় সাড়া দেয়—অনুভূতি ও স্পন্দনের ভাষা তারও রয়েছে। উদ্ভিদের বৃদ্ধি ও সূক্ষ্ম প্রতিক্রিয়া নিখুঁতভাবে পরিমাপ করার জন্য তিনি উদ্ভাবন করেন ‘ক্রেসকোগ্রাফ’। এই যন্ত্রের সাহায্যে অদৃশ্য বা অতিধীর প্রক্রিয়াকেও দৃশ্যমান ও পরিমাপযোগ্য করে তোলা সম্ভব হয়।

মাত্র তিন বছরের ব্যবধানে তাঁর ১৩টি বিশ্বমানের বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হওয়ার বিষয়টি তাঁর কর্মউদ্যম ও তীক্ষ্ণ মেধার সাক্ষ্য বহন করে। অনেক গবেষক ও বিশ্লেষকের মতে, তাঁর বহু পর্যবেক্ষণ ও চিন্তার গভীরতা আজও পুরোপুরি ব্যাখ্যা করা বা আত্মস্থ করা সম্ভব হয়নি।

জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানদর্শন ছিল গভীর মানবিক ও দার্শনিক চেতনায় ঋদ্ধ। পাশ্চাত্যের অনেক বিজ্ঞানী যেখানে প্রকৃতিকে কেবল জয় বা নিয়ন্ত্রণ করার বিষয় হিসেবে দেখেছেন, জগদীশচন্দ্র সেখানে প্রকৃতির অন্তর্নিহিত ঐক্য ও ছন্দ খুঁজে ফিরেছেন। তাঁর কাছে প্রাণহীন জড় পদার্থ আর সজীব উদ্ভিদের মধ্যে কোনো কঠোর দেয়াল ছিল না; বরং সমগ্র প্রকৃতিই এক অবিচ্ছেদ্য ধারাবাহিকতায় বাঁধা।

তিনি বিশ্বাস করতেন, প্রকৃত বিজ্ঞানচর্চা কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদ বা বাণিজ্যিক স্বার্থে আবদ্ধ থাকতে পারে না; বরং তা হবে সত্য জানার এক শুদ্ধ ও সাধনাময় যাত্রা। গবেষণার ফলাফল যেন মানবকল্যাণে ব্যবহৃত হয় এবং জ্ঞান যেন সবার জন্য উন্মুক্ত থাকে—এই ছিল তাঁর দৃঢ় প্রত্যয়। এমনকি নিজের অনেক উদ্ভাবনের পেটেন্ট না নিয়ে তিনি জ্ঞানচর্চার বিশুদ্ধতা ও উদারতার এক অনন্য নজির স্থাপন করেছিলেন।

উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের শুরুর দিকে উপমহাদেশে আধুনিক বিজ্ঞানচর্চা ছিল এক নতুন দিগন্ত। ঔপনিবেশিক বাস্তবতায় বাঙালি সমাজে যেখানে কলা ও মানবিক বিষয়ের প্রতি ঝোঁক ছিল বেশি, সেখানে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ বিজ্ঞানী হাতে-কলমে গবেষণা ও মৌলিক চিন্তার সংস্কৃতি গড়ে তোলেন। তিনি বুঝেছিলেন, কেবল বিদেশ থেকে আমদানি করা জ্ঞান মুখস্থ করলে কোনো জাতি এগোতে পারে না; প্রয়োজন নিজস্ব গবেষণাগার, মৌলিক অনুসন্ধান এবং প্রশ্ন করার সাহস।

আজ যখন আমরা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান এবং জ্ঞানভিত্তিক সমাজ ও উদ্ভাবনী অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলছি, তখন জগদীশচন্দ্র বসুর জীবনদর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমাদের শিক্ষাব্যবস্থায় মুখস্থবিদ্যার বদলে অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও যুক্তিবাদী মনন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে গবেষণা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং তরুণদের মৌলিক বিজ্ঞানে আগ্রহী করে তোলাই হতে পারে আচার্যের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর উপায়।

জগদীশচন্দ্র বসু কেবল অতীতের কোনো গৌরবময় অধ্যায় নন; তিনি আমাদের ভবিষ্যতের পথনির্দেশক। প্রকৃতিকে ভালোবাসা, প্রতিকূলতাকে জয় করার অদম্য সাহস এবং সত্যসন্ধানী মন—এই গুণগুলো যদি আমরা ধারণ করতে পারি, তবে বাংলাদেশের বিজ্ঞানচর্চা নিঃসন্দেহে অনন্য উচ্চতায় পৌঁছাবে।

লেখক: তারিক ইসলাম, তরুণ লেখক ও চিন্তক, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

দুবলার চর: বিশ্বাস, জীবিকা ও সংরক্ষণের টানাপোড়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
দুবলার চর: বিশ্বাস, জীবিকা ও সংরক্ষণের টানাপোড়েন

মো. মামুন হাসান

সুন্দরবনের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে থাকা দুবলার চর বছরের বেশির ভাগ সময় প্রায় জনশূন্য থাকে। শীতের শুরুতে সেই চরই হয়ে ওঠে হাজারো মানুষের কর্মব্যস্ত ঠিকানা। এবার রাসপূর্ণিমা উপলক্ষে সেখানকার আলোরকোলে ২২ থেকে ২৪ নভেম্বর পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। বন বিভাগ ভক্তদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। প্রবেশের সময় প্রত্যেককে টোকেন দেওয়া হচ্ছে। নিরাপত্তায় থাকছে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল। এই আয়োজন আমাদের সামনে একটি বড় প্রশ্ন তোলে—একই ভূখণ্ডে বিশ্বাস, জীবিকা ও প্রকৃতিকে আমরা কীভাবে একসঙ্গে টিকিয়ে রাখব?

অনেকের স্মৃতিতে দুবলার চর মানেই রাসমেলা। কিন্তু বাস্তবতা বদলেছে। বন বিভাগের ভাষ্য অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলে মেলাকে ঘিরে একশ্রেণির অসাধু ব্যক্তি বেআইনি কাজে জড়িয়ে পড়তেন এবং জনবল কম থাকায় তা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। এ কারণে ২০২০ সাল থেকে রাসমেলা বন্ধ রয়েছে; শুধু পূজা ও পুণ্যস্নান হয়। এবারও পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদ সঙ্গে রাখতে হচ্ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, পটকা ও বাজি নিষিদ্ধ করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ও হরিণ শিকারের ফাঁদ বহনও নিষিদ্ধ।

এই সিদ্ধান্তের পেছনে যুক্তি আছে—সুন্দরবনের ওপর চাপ কমানো। আবার অন্য দিকও আছে। ২০২২ সালে উদ্যাপন কমিটির সভাপতি সব ধর্মের মানুষের যাওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা মেলেনি। শতবর্ষী একটি সামাজিক ঐতিহ্য এখন নিয়ন্ত্রিত পরিসরে বন্দি হয়ে পড়ছে কি না, সে প্রশ্ন একেবারে অমূলক নয়। এ বিষয়ে আমার মত হলো, নিষেধাজ্ঞা নয়, বিজ্ঞানভিত্তিক বহনক্ষমতা নিরূপণই হওয়া উচিত নীতির ভিত্তি। কতজন মানুষ কতদিনে বনের ক্ষতি না করে আসতে পারেন, তা গবেষণা করে নির্ধারণ করলে সংরক্ষণ ও সামাজিক মিলনের মধ্যে ভারসাম্য খোঁজা সম্ভব।

ঐতিহ্যের দিকটিও গুরুত্বপূর্ণ। কথিত আছে, ১৯২৩ সালে সাধু হরিভজন এই উৎসবের সূচনা করেন। ২০২৪ সালে ভাবনগর ফাউন্ডেশন ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের সহযোগিতায় এই আয়োজনের তথ্য সংগ্রহের কাজে যুক্ত ছিল। জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের এমন নথিবদ্ধকরণ সময়োপযোগী, আর তা চলমান থাকা দরকার।

দুবলার চরের আসল প্রাণ শুঁটকি মৌসুম। এ বছর ৩০ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে মৌসুম শুরু হয়েছে। বন বিভাগ বলছে, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার জেলে প্রতি বছর আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচরে অস্থায়ী বসতি গড়েন। এখানে উৎপাদিত শুঁটকির বড় অংশ দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও যায়।

কিন্তু এই কর্মযজ্ঞের ভিত্তি বেশ নড়বড়ে। মৌসুমের শুরুতে জেলেরা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে খাবার, জ্বালানি ও জালের জোগান দিয়েছেন। তাঁদের উদ্বেগের তালিকায় আছে সাগরে মাছের সংকট, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ এবং নতুন করে সংগঠিত হওয়া বনদস্যুদের চাঁদাবাজির আশঙ্কা। এর ওপর যোগ হয়েছে আবহাওয়ার মার। ১৯ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের কারণে মাছ ধরা বন্ধ, রোদের অভাবে শুকানোর কাজ আটকে আছে এবং প্রায় ১০ হাজার জেলের জীবিকা অনিশ্চয়তায় পড়েছে। ঋণ নিয়ে সাগরে নামা মানুষের জন্য মৌসুমের শুরুতেই এমন ধাক্কা শুধু লোকসান নয়, দাদনের জালে আরও জড়িয়ে পড়ার ঝুঁকিও।

এ জন্য প্রয়োজন কাঠামোগত সমাধান। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র, সহজ শর্তে সমবায়ভিত্তিক ঋণ, মৌসুমি বিমা এবং ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না থাকলে এই শ্রমজীবী মানুষ বারবার একই চক্রে আটকে থাকবেন।

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ে পাঠদানের অভিজ্ঞতা থেকে বলতে পারি, শুঁটকি নিয়ে জনমনে যে শঙ্কা আছে, তা পুরোপুরি ভিত্তিহীন নয়; আবার অতিরঞ্জিতও নয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সেমিনারে উপস্থাপিত গবেষণায় দুবলার চরসহ পাঁচটি অঞ্চলের ৪০৫টি নমুনা পরীক্ষা করে ১৩ শতাংশে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৮৭ শতাংশ নিরাপদ বিবেচিত হয়েছে। রান্নার পর অবশিষ্টাংশ উল্লেখযোগ্যভাবে কমে যায় বলেও গবেষকেরা জানান। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় পরীক্ষিত প্রতিটি নমুনায় প্লাস্টিক কণা মিলেছে, আর সবচেয়ে বেশি পাওয়া গেছে দুবলার চরের লইট্টা শুঁটকিতে। এর অর্থ, রাসায়নিকের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়তো সাগরের প্লাস্টিক দূষণ, যা শুঁটকি উৎপাদনকারীর একার নিয়ন্ত্রণে নেই। তাই মাচায় শুকানো, পরিচ্ছন্ন প্যাকেজিং ও নিয়মিত মান পরীক্ষার পাশাপাশি সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনাকেও নীতির কেন্দ্রে আনতে হবে।

সুন্দরবনের সংরক্ষণে কিছু আশার খবরও আছে। ২০২৪ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫, যা ২০১৮ সালে ছিল ১১৪। জরিপ দলের প্রধান সতর্ক করেছিলেন, বনে আবার দস্যুদের আস্তানা গড়ে উঠলে এই অর্জন হারিয়ে যেতে পারে। দুবলার চর ঘিরে দস্যুদের সক্রিয় হওয়ার খবর তাই কেবল জেলেদের নিরাপত্তার প্রশ্ন নয়, বাঘ সংরক্ষণেরও প্রশ্ন। হরিণ শিকার, বর্জ্য ও শব্দদূষণ এবং নৌযান চলাচলের চাপ মিলিয়ে সুন্দরবনের সুরক্ষা আজও একটি সূক্ষ্ম ভারসাম্যের বিষয়।

দুবলার চরকে কেন্দ্র করে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, উৎসব ও পর্যটনের জন্য বহনক্ষমতাভিত্তিক সুস্পষ্ট নীতিমালা দরকার, যেখানে নৌযানের সংখ্যা, দর্শনার্থীর সীমা ও বনে প্রবেশের নিয়ম লিখিত থাকবে। দ্বিতীয়ত, বন বিভাগের জনবল ও প্রযুক্তি বাড়িয়ে টহল জোরদার করতে হবে, কারণ নিষেধাজ্ঞার কার্যকারিতা নির্ভর করে তদারকির সক্ষমতার ওপর। তৃতীয়ত, জেলেদের জন্য দাদনমুক্ত ঋণ, বিমা ও ন্যায্য মূল্যের কাঠামো গড়ে তুলতে হবে। চতুর্থত, এলিনর অস্ট্রমের সাধারণ সম্পদ ব্যবস্থাপনার তত্ত্ব অনুযায়ী, স্থানীয় জেলে, উদ্যাপন কমিটি ও প্রশাসনকে যৌথভাবে নিয়ম তৈরি ও বাস্তবায়নে যুক্ত করতে হবে। পঞ্চমত, পলিটেকনিকের মতো কারিগরি প্রতিষ্ঠান স্থানীয় তরুণদের গাইড, নৌচালক ও আতিথেয়তা কর্মী হিসেবে প্রশিক্ষিত করে পর্যটনের আয় উপকূলের মানুষের হাতে পৌঁছে দিতে পারে।

দুবলার চর কেবল একটি ভূখণ্ড নয়। এটি শতবর্ষের বিশ্বাসের ঠিকানা, হাজারো জেলের ভরসা এবং সুন্দরবনের সংবেদনশীল পরিবেশের অংশ। এই তিনের স্বার্থ পরস্পরবিরোধী নয়, যদি নীতি হয় তথ্যভিত্তিক, তদারকি হয় কার্যকর এবং স্থানীয় মানুষ হন সিদ্ধান্তের অংশীদার। প্রকৃতি আমাদের উত্তরাধিকার নয়, আগামী প্রজন্মের কাছ থেকে নেওয়া আমানত।

লেখক: মো. মামুন হাসান, ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা।