সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর সময় জানালো বিসিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর সময় জানালো বিসিবি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাদা বলের এই সফরে আগামী ৫ জুন ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।

এরপর টি-টোয়েন্টি সিরিজ গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

উল্লেখ্য, ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। তখন অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান।

Ads small one

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৭ মে (রবিবার) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ভবতোষ মৃধা স্থানীয়ভাবে সুপরিচিত একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

 

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কা মুক্ত।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হরমুজ প্রণালির তলদেশে নতুন ‘অস্ত্র’ পেলো ইরান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালির তলদেশে নতুন ‘অস্ত্র’ পেলো ইরান

হরমুজ প্রণালিতে সফল সামরিক অবরোধের পর এবার বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি সমুদ্রের তলদেশের ইন্টারনেট লাইনের ওপর নজর দিয়েছে ইরান। ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক লেনদেনের তথ্য বহনকারী এই সাবমেরিন ক্যাবলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান।

হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবল ব্যবহারের জন্য বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফি আদায় করার পরিকল্পনা করছে ইরান। গত সপ্তাহে তেহরানের আইনপ্রণেতারা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী সাবমেরিন ক্যাবলগুলোকে লক্ষ্য করে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ঘোষণা করেছেন, ‘আমরা ইন্টারনেট ক্যাবলের ওপর ফি আরোপ করব।’ দেশটির রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে রাজস্ব আদায়ের এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং আমাজনের মতো প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। সাবমেরিন ক্যাবল কোম্পানিগুলোকে লাইসেন্স ফি এবং এই ক্যাবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার কেবল ইরানি কোম্পানিগুলোকেই দিতে হবে।

তবে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রযুক্তি জায়ান্টরা ইরানকে কোনও অর্থ প্রদান করতে পারবে কি না, তা স্পষ্ট নয়। ফলে অনেক কোম্পানি ইরানের এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কেবলই রাজনৈতিক চাল হিসেবে দেখছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফেরার পর পুনরায় যুদ্ধ শুরু হতে পারে, এমন আশঙ্কার মধ্যে ইরান বুঝিয়ে দিচ্ছে যে সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র রয়েছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, ‘ইরানের এই হুমকির উদ্দেশ্য হলো বৈশ্বিক অর্থনীতির ওপর এমন এক বিশাল ব্যয়ের বোঝা চাপানো, যাতে কেউ আর ইরানকে আক্রমণ করার সাহস না পায়।’

 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের সিনিয়র গবেষক মোস্তফা আহমেদ সতর্ক করেছেন, ইরানি নৌবাহিনীর কমব্যাট ডাইভার, ছোট সাবমেরিন এবং আন্ডারওয়াটার ড্রোনের কারণে এই সাবসি ক্যাবলগুলো চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনও ধরনের হামলার ফলে বিভিন্ন মহাদেশজুড়ে একটি ধারাবাহিক ইন্টারনেট বিপর্যয় নেমে আসতে পারে।

এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, যা তেল-গ্যাস রফতানি এবং ব্যাংকিং খাতকে অচল করে দেবে। ভারতের বিশাল আউটসোর্সিং শিল্প শত কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে পারে। এ ছাড়া ইউরোপ ও এশিয়ার মধ্যে আর্থিক লেনদেন ধীর হয়ে যাবে এবং পূর্ব আফ্রিকার কিছু অংশে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট হতে পারে।

ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে তাদের জলসীমায় থাকা ক্যাবলের জন্য ফি চাওয়া আন্তর্জাতিক আইনের (১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন চুক্তি বা ইউএনসিএলএস) পরিপন্থি নয়। তারা মিসরের উদাহরণ টেনেছে, যারা সুয়েজ খালের কৌশলগত অবস্থান ব্যবহার করে ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী ক্যাবল থেকে বার্ষিক কোটি কোটি ডলার ট্রানজিট এবং লাইসেন্স ফি আয় করে।

তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, সুয়েজ খাল মিসরের খনন করা একটি কৃত্রিম জলপথ, আর হরমুজ প্রণালি একটি প্রাকৃতিক জলপথ, যার আইনি কাঠামো ভিন্ন। এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ইরিনি পাপানিকোলপুলু বলেন, ‘বিদ্যমান ক্যাবলগুলোর ক্ষেত্রে ইরানকে চুক্তি মেনে চলতে হবে। তবে নতুন ক্যাবল স্থাপনের ক্ষেত্রে যেকোনও দেশই তাদের শর্ত নির্ধারণ করতে পারে।’

টেলিজিওগ্রাফির তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত হরমুজ প্রণালি অতিক্রমকারী ক্যাবলগুলো বৈশ্বিক আন্তর্জাতিক ব্যান্ডউইথের মাত্র ১ শতাংশেরও কম বহন করে, তাও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই অঞ্চলে ক্যাবল মেরামত করা অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

সূত্র: সিএনএন

নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়ির আঙিনায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে তার লাশ গজারিয়ায় নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-এর কারণে তার লিভার কার্যত অচল হয়ে গিয়েছল। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১৫ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের বাইরে নেওয়া হয়।