দেবহাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নে সচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সখীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় এবং বেডসের বাস্তবায়নে স্ববল প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে দেবহাটা উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতি লিমিটেড।
সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বেডসের মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলাম। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাজেদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনূস আলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক এবং সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে দেবহাটার ১০টি প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের ২৫টি করে চারা বিতরণ করা হয়।












