বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
সংবাদদাতা: সারাদেশে গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুলসহ অনেকে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি সংকটে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দ্রুত বিদ্যুৎ খাতের অনিয়ম দূর করা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় কর্মসূচি থেকে।






