বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি বসতঘরের চাল মেরামতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং পরিস্থিতি শান্ত রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিপুর সীমান্তের ১৮/৪৩ মেইন পিলার থেকে প্রায় ২০-৩০ গজ ভেতরে ‘ডাক্তার বাড়ি’ নামক এলাকায় আব্দুল হাসেম মোড়ল তাঁর বসতঘরের পুরোনো টিন সরিয়ে টালি লাগানোর কাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে নির্মাণকাজে বাধা দেন এবং কাজ বন্ধ রাখার দাবি জানান।
বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। বৈঠকে বিজিবির পক্ষে বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম এবং বিএসএফের পক্ষে ১৭২ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার নেতৃত্ব দেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম বলেন, “আব্দুল হাসেম মোড়ল তাঁর পৈতৃক ভিটায় দীর্ঘকাল ধরে বসবাস করছেন। ঘরটি পুরোনো হওয়ায় তিনি টিন পরিবর্তন করে টালি লাগানোর কাজ করছিলেন। বিএসএফের আপত্তির মুখে আপাতত কাজটি বন্ধ রাখা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”
বিজিবি কর্মকর্তা আরও জানান, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়েছে। বিএসএফকে জানানো হয়েছে যে এটি কোনো নতুন স্থাপনা নয়, বরং বিদ্যমান বসতঘরের সংস্কার কাজ মাত্র।












