সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মুক্তমত: ‎‎রাজনীতির সবচেয়ে বড় সংকট প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় রূপ দেওয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
মুক্তমত: ‎‎রাজনীতির সবচেয়ে বড় সংকট প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় রূপ দেওয়া

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

‎‎বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় সংকট হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় রূপ দেওয়া। আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি, বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য দলের প্রতিপক্ষ, আবার অন্যান্য দলও একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

 

গণতন্ত্রে এটি স্বাভাবিক। কিন্তু যখন প্রতিপক্ষের ক্ষতিকে নিজের অর্জন এবং প্রতিপক্ষের ব্যর্থতাকে নিজের সাফল্য মনে করা হয়, তখন রাজনীতি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। আজ এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে অনেক ক্ষেত্রেই একটি দল চায় অন্য দল ধ্বংস হয়ে যাক, দুর্বল হয়ে যাক কিংবা জনসমর্থন হারিয়ে ফেলুক। অথচ গণতন্ত্র প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার নয়, বরং মতের পার্থক্যের মধ্যেও সহাবস্থানের শিক্ষা দেয়।

‎দুঃখজনকভাবে আমাদের দেশে রাজনৈতিক মতভেদ অনেক সময় বিদ্বেষ, সংঘাত, হানাহানি এবং সামাজিক বিভাজনের জন্ম দেয়। রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষ মানুষকে ঘৃণা করে, সম্পর্ক নষ্ট হয়, এমনকি জাতীয় স্বার্থের প্রশ্নেও ঐক্য গড়ে ওঠে না। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশ। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, জনগণের সমর্থন অর্জনের চেষ্টা করবে, নিজেদের কর্মসূচি তুলে ধরবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু প্রতিপক্ষকে শত্রু মনে করে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করা কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না।

 

রাষ্ট্র কোনো দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এই রাষ্ট্র সকল নাগরিকের। একজন মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বা অন্য যে কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু নাগরিক হিসেবে তার অধিকার সমান। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এবং আইনের দৃষ্টিতে সমতা। তাই ভিন্ন রাজনৈতিক মতকে সম্মান করার সংস্কৃতি গড়ে তোলা আজ সময়ের দাবি।

‎রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায়বিচার এবং উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু যখন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে যায় প্রতিপক্ষকে পরাজিত করা, অপমান করা কিংবা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা, তখন জনগণের প্রকৃত সমস্যা আড়ালে চলে যায়। এতে রাজনৈতিক দলগুলো সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় দেশ ও জাতি।

 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে জনগণের আস্থা অর্জনের পথ প্রতিহিংসা নয়, সুশাসন ও জনসেবা। কারণ গণতন্ত্রে শেষ কথা বলে কোনো রাজনৈতিক দল নয়, শেষ কথা বলে জনগণ। ‎লেখক, কলামিস্ট ও উদ্যোক্তা

Ads small one

কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার চিংড়া-ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে গোপনে গভর্নিং বডি গঠনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্যরা। সোমবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার দাতা সদস্য আব্দুল হামিদ বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম কোনো নিয়ম না মেনে অতি গোপনে একটি মনগড়া কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। গত রোববার এই বিষয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ সদুত্তর না দিয়ে বহিরাগত ২০-২৫ জনকে ডেকে এনে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

 

এমনকি অধ্যক্ষ নিজে টেবিলের মগ দিয়ে প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ রাহাজ উদ্দীনকে আঘাত করার চেষ্টা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও তাঁরা হেনস্তার শিকার হন। অধ্যক্ষের এমন কর্মকা-ে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ রাহাজউদ্দীন, মুহসিন উদ্দীন, হাবিবুর রহমান ও কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

পত্রদূত ডেস্ক: শ্যামনগরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অংশগ্রহণে স্বাস্থ্যসেবা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে নেটজ-পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস।

সংলাপে বক্তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা প্রতিষ্ঠানে না গিয়ে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতাপ্রাপ্ত কৃষাণী শঙ্করী রানীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম ও এনজিও সমন্বয় পরিষদের সদস্যসচিব গাজী আল ইমরান। বারসিকের ইউনিট ম্যানেজার মননজয় মন্ডলের সঞ্চালনায় সংবাদের শুরুতে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ।

পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে খাগড়াছড়ির রামগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার মূল অভিযুক্ত ইমনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে তাঁদের পাইকগাছায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে পাইকগাছার ঘোষাল এলাকার ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান খাগড়াছড়ির রামগড় থানার সোনাইপুল গ্রামের ইমনের। কিশোরী নিখোঁজ হওয়ার পর ১১ জুন তার পরিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করার পর গতকাল রোববার কিশোরীর মামী বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি দল রামগড় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। রোববার সন্ধ্যা ৭টার দিকে ইমনের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কিশোরীকে উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।