মোদিকে তোপ রাহুলের
ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে যুবসমাজের চলমান আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের জবাব দিয়েছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী মোদির সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণদের আন্দোলনের মুখে ‘বিচলিত’ হয়ে পড়েছেন এবং তিনিই দেশের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন।
কংগ্রেসের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি ভারতের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি দখল ও ধ্বংস করার সুযোগ দিয়েছেন এবং এতে উৎসাহিত করেছেন। একই সঙ্গে এর জন্য দায়ী প্রতিটি মানুষকে তিনি সুরক্ষাও দিয়েছেন।
এক্স পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী লিখেন, আপনিই সেই ব্যক্তি, যিনি আমাদের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে দখল ও ধ্বংস করার সুযোগ দিয়েছেন ও উৎসাহিত করেছেন এবং এর জন্য দায়ী প্রতিটি মানুষকে সুরক্ষা দিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণদের স্বার্থ রক্ষা নিয়ে একটি বার্তা দেন। সেখানে তিনি দাবি করেন, দেশের তরুণদের কল্যাণ ও স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যারা তাদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের রেহাই দেওয়া হবে না।
সূত্র: ইন্ডিয়া টুডে









